১৭ বছরের জঞ্জাল মাত্র ৮ দিনে সরানো সম্ভব নয়, সময় দরকার: বসিক প্রশাসক

রাস্তার নির্মাণ ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধনে বসিক প্রশাসক
রাস্তার নির্মাণ ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধনে বসিক প্রশাসক | ছবি: এখন টিভি
1

বরিশাল সিটি করপোরেশনের (বসিক) নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেছেন, ১৭ বছরের জঞ্জাল মাত্র ৮ দিনে সরানো সম্ভব নয়, এর জন্য দরকার সময়। সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে বরিশালের জলাবদ্ধতাসহ সব সমস্যা সমাধান করা হবে।

প্রশাসক বিলকিস আক্তার বলেন, ‘সিটি করপোরেশনে যোগদানের পরদিন থেকে গত ৮ দিনই জনদুর্ভোগ লাঘবের আলোচনা করা হয়েছে। এতে সবেচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে, শহর পরিচ্ছন্ন রাখা ও আসন্ন বর্ষায় জলাবদ্ধতা দূর করার বিষয়। ড্রেন ও খালের মুখ পরিস্কার রাখা হবে, যাতে বর্ষায় পানি নদীতে নেমে যেতে পারে।’

আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) দুইটি রাস্তার নির্মাণ ও একটি রাস্তার সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন:

এর মধ্যে নগরীর চাঁদমারি মাদ্রাসা সড়ক ও ড্রেন নির্মাণ কাজ, আমির খান সড়ক নির্মাণ কাজ এবং চৌমাথা লেকে ফোয়ারা স্থাপন কাজের উদ্বোধন করেন এ প্রশাসক।

এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আলতাফ মাহামুদ সিকদার এবং মহানগর সেচ্ছাসেবকদলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, ২২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আ ন ম সাইফুল আহসান আজিম ও জেলা বিএনপির সদস্য মুসফিক হাসান মাসুমসহ বিএনপির নেতারা।

এসএইচ