সাতক্ষীরায় ডিসির ‘সিলযুক্ত ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাতিল

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় | ছবি: এখন টিভি
0

সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে জেলা প্রশাসকের (ডিসি) সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ঘোষণার এক দিনের মধ্যেই জনমতের তীব্র প্রতিক্রিয়ার কারণে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন বিশ্বাস জানান, জ্বালানি সরবরাহে শৃঙ্খলা আনার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হওয়ায় ‘ফুয়েল কার্ড’ চালুর পরিকল্পনা স্থগিত করা হয়েছে।

জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম বলেন, ‘জারি করা পাঁচ দফা নির্দেশনার মধ্যে তৃতীয় নির্দেশনাটি স্থগিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এটি আংশিক সংশোধন করা হলেও অন্যান্য নির্দেশনা বহাল রয়েছে।’

আরও পড়ুন:

এর আগে, গতকাল (বুধবার, ২৫ মার্চ) রাতে জেলা প্রশাসন মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণে পাঁচ দফা নির্দেশনা জারি করে। এতে বলা হয়েছিল, জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড ছাড়া তেল দেয়া হবে না। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে তেল সংগ্রহ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছিল, চালকের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে এবং হেলমেট বাধ্যতামূলক। প্লাস্টিক বোতল বা ড্রামে তেল বিক্রি ও অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে বিক্রি বন্ধ রাখতে হবে। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে নির্দেশনা জারির পর বৃহস্পতিবার সকাল থেকেই শহরে তীব্র ভোগান্তি সৃষ্টি হয়। নিউ মার্কেট সড়কের একটি ফিলিং স্টেশনে শত শত মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়ে যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষও ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। এই জনমতের প্রভাবেই জেলা প্রশাসন ‘ফুয়েল কার্ড’-সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করেছে।

এনএইচ