পাওয়ার গ্রিডের সহকারী প্রকৌশলী বাবুল কুমার দাস জানান, নাটোর-বনপাড়া মহাসড়কের বড়াইগ্রামের খোর্দ কাছুটিয়া এলাকায় একটি ১৩২কেভির পাওয়ার গ্রিড স্টেশন নির্মাণ করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। সেখানে চায়নাসহ দেশিয় প্রতিষ্ঠানগুলো নির্মাণ কাজ করে আসছে। কিন্তু গতরাত ৮টার দিকে প্রথমে ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত পাওয়ার গ্রিডের গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা দুজনকে হাত-পা বেঁধে রাখে।
আরও পড়ুন:
পরে আরও ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত প্রবেশ করে মোট ৬ জন নিরাপত্তা কর্মীকে বেঁধে মালামাল লুট করে নিয়ে যায়। এসময় পাওয়ার গ্রিডের ৩৬৮টি ব্যাটারি, পাওয়ার কেবল, ওয়েল্ডিং মেশিনসহ অন্তত দুই কোটি টাকার যন্ত্রাংশ লুট করে দুর্বৃত্তরা। পরে আজ সকালে গ্রিডের অন্য নিরাপত্তা কর্মীরা গিয়ে হাত-পা বাধা অবস্থায় নিরাপত্তা কর্মীদের রক্ষা করে পুলিশে খবর দেয়। বেলা দেড়টার দিকে নাটোর ডিবি পুলিশ ও বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, এই ঘটনার সাথে কারা জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ডাকাতির ঘটনায় পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছেন।





