পাবনার বড়াল নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

শ্বশুরবাড়িতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর নদীতে ভাসমান অবস্থায় জাহিদ হাসান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (সোমবার, ২৩ মার্চ) দুপুর ১টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার সিলন্দা বাজার এলাকায় বড়াল নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাহিদ জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা হাটপাড়া গ্রামের কাজেম প্রামাণিকের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জাহিদ কয়েক দিন আগে তার শ্বশুরবাড়ি ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামে যান। গত ২০ মার্চ সন্ধ্যা সাতটার দিকে শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্বজনেরা।

আরও পড়ুন:

আজ (সোমবার, ২৩ মার্চ) দুপুরে সাঁথিয়া উপজেলার সিলন্দা বাজার এলাকায় বড়াল নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজানি হওয়ার পর খবর পেয়ে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি জাহিদের বলে শনাক্ত করেন।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দেয়া তথ্য অনুযায়ী, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। কেন, কী কারণে বা কীভাবে তিনি মারা গেছেন, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ নগরবাড়ি নৌপুলিশ এ বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানান তিনি।

নগরবাড়ি নৌপুলিশের ইনচার্জ ফকরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে তারা সাঁথিয়া থানায় গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। মৃত জাহিদের স্বজনেরা একটি লিখিত অভিযোগ দিচ্ছেন। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এএম