ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানবাহনের চাপের পাশাপাশি যুক্ত হয়েছে সড়ক সংস্কার কাজ। ফলে অনেক জায়গায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে, বাড়ছে যাত্রীদের ভোগান্তি।
ক্যান্টনমেন্ট সংলগ্ন সড়ক সংস্কারের কারণে প্রায়ই তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। ফলে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে যাত্রীরা। গৌরিপুর, নিমসার, পদুয়ার বাজার, সুয়াগাজী এবং মিয়াবাজার এলাকায় বাসস্ট্যান্ড ও বাজারের কারণে যানবাহন ধীরগতিতে চলে। রাস্তার পাশেই যাত্রী ও পণ্য ওঠানামা করায় প্রায়ই তৈরি হচ্ছে যানজট।
যাত্রী ও চালকরা জানান, রাস্তার ওপরে বাজার বসায় যাতায়াতে অনেক বেগ পেতে হচ্ছে। তাছাড়া তিন চাকার যানবাহনের কারণেও চলাচলে সমস্যা হচ্ছে তাদের।
আরও পড়ুন:
ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে ঈদের ছুটির আগেই মহাসড়কের চলমান সংস্কার কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যানজট ও জনদুর্ভোগ কমাতে কুমিল্লা–ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের চলমান নির্মাণ কাজও ঈদের আগে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগ নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, ‘বিভিন্ন বাজারে যে সব অবৈধ স্থাপনা আছে তা আমরা খুব তাড়াতাড়ি উচ্ছেদ অভিযান পরিচালনা করবো। আর সড়কে যে সব কাজ চলমান আছে তা ঈদ যাত্রার জন্য বন্ধ করে দেয়া হবে।’
কুমিল্লা জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান বলেন, ‘গৌরিপুর, নিমসার এ বাজারগুলো একেবারে মহাসড়কের সঙ্গে, আমরা যদি হাইওয়ে পুলিশের সঙ্গে একযোগ কাজ করতে পারি তাহলে সবার ঈদযাত্রা সহজ হবে।’
নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, ‘কিছু চ্যালেঞ্জ আমাদের সব সময় থাকে, আশাকরি ঈদের আগে সব চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে পারবো।’
ঈদের আগে বাড়তি যানবাহনের চাপের পরেও এবারের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হবে-এমনটাই প্রত্যাশা সবার।





