ময়মনসিংহ শহরের সড়কে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা জট লেগে থাকে অটোরিকশার কারণে। সকাল থেকে রাত অবধি রিকশা-অটোরিকশার জ্যামে নাকাল নগরবাসী। রাস্তায় ধারণ ক্ষমতার বহুগুণ বেশি যানবাহন চলাচলের কারণে যানজট লেগেই থাকে। বৈধ-অবৈধ এসব যানবাহনের লাগাম টানতে পারেনি সিটি করপোরেশন। বন্ধ রয়েছে উন্নয়ন কাজ। সেবা মিলছে না কোনো। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এ অচলাবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এদিকে নতুন সরকার গঠনের পরই সিটি নির্বাচনের পালে হাওয়া লেগেছে। মেয়র-কাউন্সিলার পদে নির্বাচনের জানান দিচ্ছেন অনেকে। প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো।
ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, ‘মেয়র নির্বাচনের সময় কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে মনোনয়ন দেয়া হবে। যাকে মনোনয়ন দেয়া হবে তার অবশ্যই আদর্শগত মান ভালো হবে। আর তাকে মেনে নিয়েই নির্বাচন করতে হবে দলের কর্মীদের।’
আরও পড়ুন:
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ‘চেয়ারম্যান আর কাউন্সিলরগুলো আমরা আমাদের প্রস্তাবনায় নিয়ে আসছি। আমরা আশা করছি খুব দ্রুত তাদের নাম প্রকাশ করতে পারবো। আর মেয়রের বিষয়টি কেন্দ্র থেকে জানাবে।’
নেতারা বলছেন, নাগরিক সেবা নিশ্চিত করতে নির্বাচিত জনপ্রতিনিধির কোনো বিকল্প নেই। ভোগান্তি আর হয়রানি দূর করতে দ্রুত সিটি নির্বাচন দেয়ার তাগিদ তাদের।
ময়মনসিংহ মহানগর সু-শাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক আলী ইউসুফ বলেন, ‘রাষ্ট্রকে অবশ্যই বিষয়টি নিয়ে ভাবতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচিত প্রতিনিধির কাছে এ সেবামূলক প্রতিষ্ঠানকে হস্তান্তর করতে হবে। জনপ্রতিনিধি না থাকলে জনগণের দুর্ভোগ কেউ বুঝবে না।’
উল্লেখ্য, প্রায় আড়াইশো বছরের পুরোনো এ জেলায় পৌরসভা স্থাপিত হয় ১৮৬৯ সালে। ২১ বর্গকিলোমিটার আয়তনের পৌরসভা ২০১৮ সালে উন্নীত হয় সিটি করপোরেশনে। যার বর্তমানে আয়তন প্রায় ৯১ বর্গকিলোমিটার। আর ৭৫ হাজার হোল্ডিংয়ে প্রায় ১২ লাখ লোকের বসবাস।





