টাঙ্গাইলে সরিষা খেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
1

টাঙ্গাইলের কালিহাতির বল্লা ইউনিয়নের বল্লা বেপারীপাড়া গ্রামে সরিষা খ্তে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত যুবকের নাম শাহাদাত হোসেন (৩০)। তিনি একটি আইসক্রিম কোম্পানির ডিলার প্রতিষ্ঠানে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে তিনি কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। একই দিন বেলা প্রায় ১১টা ৪০ মিনিটে জুম্মার নামাজ আদায়ের কথা বলে মালিকের কাছে আইসক্রিমের গাড়ি জমা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, তার মোবাইলে একাধিকবার কল করা হলেও রিং হলেও তিনি ফোন রিসিভ করেননি। দিনভর ও রাতভর আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

শনিবার স্থানীয় এক নারী শাক তুলতে গিয়ে একটি সরিষা খেতে তাকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে জীবিত মনে করে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম জানান, স্থানীয়রা বেঁচে আছে ভেবে তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে আমাদের ওসি (তদন্ত)সহ পুলিশের টিম হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ঘটনাটি রহস্যজনক হওয়ায় পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

এএইচ