Recent event

ত্রয়োদশ জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির প্রার্থী আহমেদুর তনু

এনসিপির প্রার্থী আহমেদুর রহমান তনু
এনসিপির প্রার্থী আহমেদুর রহমান তনু | ছবি: এখন টিভি
2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-০৫ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু। আজ (রোববার, ২৮ ডিসেম্বর) রাতে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিবৃতিতে তিনি জানান, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে জাতীয় নাগরিক পার্টির হয়ে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন। দেশের প্রতি দায়বদ্ধতা, গণতন্ত্রের প্রতি বিশ্বাস এবং জনগণের কল্যাণে কাজ করার আন্তরিক ইচ্ছা থেকেই তার এ রাজনৈতিক পদচারণা শুরু হয়েছিল।

তবে বর্তমান পারিপার্শ্বিক রাজনৈতিক বাস্তবতা ও ব্যক্তিগত বিবেচনার প্রেক্ষিতে তিনি এনসিপির হয়ে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে আসছেন বলে জানান। তিনি স্পষ্ট করে বলেন, ‘এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্ত। এর পেছনে কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের প্রতি বিরূপ মনোভাব নেই।’

আহমেদুর রহমান তনু বলেন, ‘মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে কাজ করার সুযোগ সবসময় থেকেই যায়। ভবিষ্যতেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে আমি আমার অবস্থান থেকে রাজনৈতিকভাবে কাজ করে যাবো।’

তিনি জানান, গত দেড় বছর ধরে যেভাবে জনগণ তাকে পাশে পেয়েছেন এবং তাদের জন্য কাজ করতে দেখেছেন, আগামীতেও তিনি তাদের পাশেই থাকবেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেও দল ছাড়ছেন না বলে জানান।

আরও পড়ুন:

বিবৃতির শেষাংশে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে যাচ্ছি, কিন্তু বর্তমান দল থেকে নয়। আগামী আমাদের হবে-ইনশাল্লাহ।’

এএইচ