Recent event

নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে আগুন; পুড়েছে ৩০ দোকান

নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে আগুন
নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে আগুন | ছবি: এখন টিভি
1

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ সিটি করপোরেশনের হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। আজ (শুক্রবার, ১৮ জুলাই) ভোর ৬টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হন। পাশাপাশি আগুনে বেশ ক্ষয়ক্ষতির দাবি করছেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর ৬টার দিকে হকার্স মার্কেটে হঠাৎ আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন না নিভলে তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

মুন্না নামের এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, ‘হকার্স মার্কেটটির অধিকাংশই জামাকাপড়ের দোকান। দোকানে কিছুদিন আগে বেশ কিছু মালামাল কিনে রাখি। আগুনে অধিকাংশ মালামাল পুড়ে গেছে।’

ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ বলেন, ‘সিটি করপোরেশনের উদ্যোগে চাষাঢ়ায় হকারদের পুনর্বাসনের জন্য টিন দিয়ে তৈরি ৬৪২ ছোট দোকান ঘর নির্মাণ করে দেয়া হয়েছিল। আগুনে হকার্স মার্কেটের ৩০টি দোকানঘর পুড়ে গেছে।’

তিনি বলেন, ‘হকার্স মার্কেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভাড়া দেয়া হলেও দাহ্য পদার্থের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’

চেম্বার অব কমার্সের প্রতি হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা এবং দোকানগুলো পুনর্নির্মাণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতি অনুরোধ জানান তিনি।

নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে।’

এসএস