দিনদুয়েক আগেই জানানো হয়েছে, ঐতিহ্যবাহী সান সিরো স্টেডিয়াম ভেঙে ফেলা হচ্ছে ২০৩২ ইউরো সামনে রেখে। ইতালির মিলান শহরের ঐতিহাসিক এই স্টেডিয়ামের শতবর্ষী লড়াইয়ের শেষের শুরুটাও হচ্ছে আজ রাতের মিলান ডার্বি দিয়ে।
নীতিগত বিরোধ থেকে জন্ম নেয়া এসি মিলান ও ইন্টার মিলানের দ্বৈরথের ২৪৭তম ম্যাচ হতে যাচ্ছে এটি। পরিসংখ্যানের দিক থেকে কিছুটা এগিয়েই আছে ইন্টার। এসি মিলানের ৮৪ ম্যাচের বিপরীতে তারা জিতেছে ৯১ ম্যাচ। ড্র হয়েছে ৭১ ম্যাচ।
বর্তমানে পয়েন্ট টেবিলেও এগিয়ে আছে নেরাজ্জুরিররা। লিগ টেবিলে এসি মিলান আছে ৫ম স্থানে। ইন্টার শীর্ষে। তবে, সবশেষ ৭ মিলান ডার্বিতে জয় নেই ইন্টারের। রোজানেরি খ্যাত এসি মিলান তাই কিছুটা আত্মবিশ্বাস পেতেই পারে এই ম্যাচে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে।
ইতালিতে যেমন আছে মিলান ডার্বি, তেমনি জার্মানিতে আছে ডার ক্লাসিকার। জার্মান ফুটবলের দুই সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখ এবং বরুশিয়া ডর্টমুন্ড মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সময় রাত সাড়ে এগারটায়। মিউনিখের অ্যালিয়ান্জ অ্যারেনায় দুই দল ১৪১তম বার নিজেদের মুখোমুখি হচ্ছে।
কিছুটা একপেশে এই লড়াইয়ে এগিয়ে বায়ার্ন। ডর্টমুন্ডের ৩৩ জয়ের বিপরীতে বায়ার্ন জিতেছে ৭০ ম্যাচ। লিগে বর্তমানে দুই দলই ৭ ম্যাচ থেকে পেয়েছে ১৭ পয়েন্ট। দুই দলেরই সামনে সুযোগ লিগে এগিয়ে যাওয়ার।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে ব্রাইটনের মুখোমুখি হচ্ছে ম্যান সিটি। দিনদুয়েক আগেই দুই দলের দেখা হয়েছিল কারাবাও কাপে। এবারের ম্যাচটা লিগ সূচিতে। রাতের আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামছে বিগ সিক্সের আরেক দল টটেনহ্যাম হটস্পার।





