গর্জন তুলে তীরে আছড়ে পড়ছে একের পর এক বিশাল ঢেউ; বৃষ্টি ও বাতাসের একটানা দাপটে বিপর্যস্ত যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ উত্তর ইউরোপের বেশ কয়েক দেশের জনজীবন।
২৪ ঘণ্টার ব্যবধানে ঘূর্ণিঝড় বোয়েলো ও অস্টেন নামক দুটি ঝড় আঘাত হানে উত্তর ইউরোপের ৫ দেশে। শনিবার পশ্চিম স্কটল্যান্ডে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩৫ কিলোমিটার রেকর্ড করা হয়। দুর্যোগের দাপটে বিভিন্ন স্থানে উপড়ে পড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। ব্যাহত সড়কের যান চলাচল। বন্ধ অনেক রেল স্টেশন।
স্থানীয়দের একজন বলেন, ‘আমি আমার জীবনে এতো তাণ্ডব আগে কখনও দেখিনি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্থানে বাড়িঘর ধসে পড়েছে।’
জোড়া ঝড়ের আঘাতে বিপর্যস্ত ফ্রান্সও। দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এনেদিস জানিয়েছে, অস্টেনের আঘাতে বিদ্যুহীন নরম্যান্ডি ও ব্রিটানি অঞ্চলের প্রায় ৬০ হাজার পরিবার। বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করতে কাজ করছে আড়াই হাজারেরও বেশি কর্মী।
জার্মানিতেও ক্ষয়ক্ষতির ছাপ ফেলেছে বোয়েলো ও অস্টেন। ঝড়ের কারণে দেশটিতে বিদ্যুৎহীন ১০ হাজার পরিবার। ঝড়ে টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক স্থানে বন্ধ মোবাইল নেটওয়ার্ক। নেদারল্যান্ডস ও বেলজিয়ামেও আঘাত হানে জোড়া ঝড়। ব্রাসেলসে গাছ পড়ে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
এদিকে, ঝড়ের কারণে উত্তর ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। শুধু নেদারল্যান্ডসেই বাতিল প্রায় ৯০টি ফ্লাইট। এছাড়াও, দুর্যোগের কবলে ইংল্যান্ডের উত্তরাঞ্চল ও স্কটল্যান্ডেও উড়োজাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।





