যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের মুখে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস; অসন্তুষ্ট ৬৬ শতাংশ ভোটার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড পতন ঘটেছে। ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ ও বাজার গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের যৌথ জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্পের কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ৩৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক, বিপরীতে অসন্তোষ প্রকাশ করেছেন ৬৬ শতাংশ মানুষ। মার্কিন দৈনিক ইউএসএ টুডে এ খবর জানিয়েছে।

আজ রোববার প্রকাশিত এই জরিপের তথ্য অনুযায়ী, অংশ নেয়া উত্তরদাতাদের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ৫২ শতাংশ মানুষ ট্রাম্পের কর্মকাণ্ডে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। এর আগে গত এপ্রিল ও জুলাই মাসের একই জরিপে তার পক্ষে ৩৭ শতাংশ সমর্থন ছিল। সম্প্রতি ডানপন্থি সংবাদমাধ্যম ফক্স নিউজের পরিচালিত একটি জরিপেও ট্রাম্পের দুই মেয়াদের মধ্যে সর্বনিম্ন জনপ্রিয়তার রেকর্ড দেখা গিয়েছিল।

আগামী ৩ নভেম্বর মঙ্গলবার দেশটিতে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে ক্ষমতায় থাকা প্রেসিডেন্টের দলের জন্য মধ্যবর্তী নির্বাচনের বৈরিতা মোকাবিলার অতীত ইতিহাস রয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে অতিরিক্ত ৪১টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিরোধী ডেমোক্র্যাটরা; একই সঙ্গে অ্যারিজোনা ও নেভাদায় দুটি সিনেট আসনেও জয় পেয়েছিল তারা। এবারও অরাজনৈতিক নির্বাচনি পূর্বাভাস বিশ্লেষক কুক পলিটিক্যাল রিপোর্টের তথ্যমতে টেক্সাস, ওহাইও, মিশিগান, মেইন, কানসাস, আইওয়া এবং আলাস্কার মতো অঙ্গরাজ্যগুলোতে সিনেট নির্বাচনে তীব্র লড়াইয়ের মুখে রয়েছে ক্ষমতাসীন রিপাবলিকানরা।

জরিপ অনুসারে, অর্থনীতি, চলমান ইরান যুদ্ধ এবং পারিবারিক আর্থিক দুরবস্থাই মূলত মার্কিন ভোটারদের ক্ষোভের প্রধান কারণ। এ পরিস্থিতির জন্য ট্রাম্প ও রিপাবলিকানদের নীতিকেই দায়ী করছেন বেশির ভাগ নাগরিক। জরিপে অংশ নেয়া প্রতি চারজন মার্কিন নাগরিকের তিনজনই জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি সামাল দেয়ার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকাকে প্রত্যাখ্যান করেছেন।

এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটদের প্রতি বেশি আস্থা দেখিয়েছেন দেশটির নাগরিকেরা। এ ক্ষেত্রে ডেমোক্র্যাটদের পক্ষে মত দিয়েছেন ৪০ শতাংশ এবং রিপাবলিকানদের পক্ষে ৩৩ শতাংশ মানুষ। নিবন্ধিত ভোটারদের মধ্যে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ধরে রাখার দৌড়ে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের চেয়ে আট পয়েন্টে এগিয়ে রয়েছে, যা গত জুলাই মাসে ছিল মাত্র তিন পয়েন্ট।

হোয়াইট হাউসের একক ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে রিপাবলিকানদের বদলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের বেছে নেয়ার পক্ষে মত দিয়েছেন ৫৮ শতাংশ নিবন্ধিত ভোটার। বিপরীতে রিপাবলিকানদের পক্ষে রয়েছেন ৩৯ শতাংশ, যা এক বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যবধান। এছাড়া দেশের ৭২ শতাংশ উত্তরদাতা মনে করেন যুক্তরাষ্ট্র বর্তমানে ভুল পথে এগোচ্ছে, যা এপ্রিলের তুলনায় পাঁচ পয়েন্ট বেশি।

গত ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ২ হাজার ৫৪৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের ওপর এই জরিপ পরিচালিত হয়। সব প্রাপ্তবয়স্ক উত্তরদাতার ক্ষেত্রে জরিপের ত্রুটির মাত্রা ধরা হয়েছে প্লাস-মাইনাস ২ শতাংশ এবং নিবন্ধিত ও সম্ভাব্য ভোটারদের ক্ষেত্রে প্লাস-মাইনাস ২ দশমিক ২ শতাংশ।

এএম