চ্যাম্পিয়নস লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে দুই গোলে হারের পরই ক্লাব নিয়ে নিজের সব ক্ষোভ উগরে দিয়েছিলেন লিসান্দ্রো মার্তিনেজ। ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রান্সফার নীতি ও শীর্ষ কর্মকর্তাদের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
পরবর্তীতে ক্লাবের শীর্ষ কর্তা ও কোচের সঙ্গে বৈঠকে বসেন মার্তিনেজ। বৈঠক শেষে ইনস্টাগ্রামে ক্ষমা চেয়ে পোস্ট করেন এই ডিফেন্ডার।
পোস্টে মার্তিনেজ জানান, হারের হতাশায় এমন সময়ে তিনি এমন জায়গায় মনের কথা বলেছেন, যা ঠিক হয়নি। ক্লাবের সাফল্যের জন্য সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি।
আরও পড়ুন:
এদিকে তার জরিমানার গুঞ্জন উঠলেও ক্লাব কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ক্লাব সূত্রের দাবি, মার্তিনেজের পোস্টে আপাতত দুই পক্ষের দ্বন্দ্বের অবসান হয়েছে। ফলে লিগে লিডসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ থেকেই দেখা যেতে পারে তাকে।
তবে মার্তিনেজের ভবিষ্যৎ এখনো প্রশ্নবিদ্ধ। ২০২২ সালে আয়াক্স থেকে ৫ কোটি ৭০ লাখ পাউন্ডে যোগ দেয়া এই ডিফেন্ডার সাড়ে চার বছরে চোটের কারণে প্রিমিয়ার লিগে মাত্র ৮০ ম্যাচ খেলেছেন। আগামী গ্রীষ্মে তার চুক্তির মেয়াদ শেষ হবে। চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকলেও তার বিদায়ের সম্ভাবনাই বেশি।
এদিকে নয় ম্যাচে মাত্র দুই জয়ে লিগে ১৩তম অবস্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। কারাবাও কাপ থেকেও নিয়েছে বিদায়। এমন পরিস্থিতিতে বিস্ফোরক অভিযোগ রয় কিনের। সাবেক এ অধিনায়কের দাবি, ব্রুনো ফার্নান্দেজ ও হ্যারি ম্যাগুয়ারের মতো সিনিয়র খেলোয়াড়েরা পডকাস্টে নিজেদের ক্ষোভ প্রকাশে ব্যস্ত। অথচ ড্রেসিংরুমে শৃঙ্খলা প্রতিষ্ঠায় তাদের ভূমিকা থাকা প্রয়োজন।
সবমিলিয়ে মাঠের বাইরের নানা কর্মকাণ্ডে অনেকটাই দিশেহারা রেড ডেভিলরা। জয়ের ধারায় ফিরতে দলের ঐক্য ও ড্রেসিংরুমে স্থিরতা ফেরানোর দিকেই মনোযোগ দেয়ার আহ্বান সাবেকদের।




