আমানত ফেরত শুরু ন্যাশনাল ব্যাংকের, গ্রাহকদের মধ্যে স্বস্তি

টাকা ফেতর দেয়া শুর করেছে ন্যাশনাল ব্যাংক
টাকা ফেতর দেয়া শুর করেছে ন্যাশনাল ব্যাংক | ছবি: এখন টিভি
0

সোনালী ব্যাংকের কাছ থেকে টাকা ধার নিয়ে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। প্রথম দিনে ফেরত দেয়া হচ্ছে নির্ধারিত সময়ে আবেদন করা গ্রাহকদের টাকা। এতে স্বস্তি ফিরেছে ব্যাংকটির গ্রাহকদের মাঝে। এদিকে ব্যাংক কর্মকর্তারা বলেন, আস্থা ফিরিয়ে আনার চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাবে ন্যাশনাল ব্যাংক।

আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) সকাল থেকে গ্রাহকদের স্বাগত জানিয়ে গ্রাহকদের টাকা ফেরত দেয়া শুরু করে ব্যাংকটি। অনেকটা উৎসবের আমেজে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেয়ার কার্যক্রম শুরু করেন বিভিন্ন শাখার কর্মকর্তারা।

দিনের পর দিন আর্থিক অনিয়ম, খেলাপি ঋণ ও লোকসানের কারণে আর্থিক চাপে ভুগছিলো ব্যাংকটি। এমন অবস্থায় আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার চ্যালেঞ্জ নিয়ে নবযাত্রা শুরু করলো ন্যাশনাল ব্যাংক। এদিকে, দীর্ঘদিন অপেক্ষার পর আমানতের টাকা তুলতে করতে পেরে খুশি গ্রাহকরা।

একজন গ্রাহক বলেন, ‘টাকা তোলার পর অত্যন্ত ভালো লাগতেছে কারণ আমাদের এখন বিজনেস একান্তই খারাপ। যেই সেভিং টাকাগুলো ছিলো তা এখন উঠাচ্ছি। এতদিন পর্যন্ত উঠাইতে না পারার কারণে আতঙ্কিতও ছিলাম।’

তবে তারল্য সংকট কাটিয়ে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফেরার এই উদ্যোগ কতটা আস্থা ফেরাবে গ্রাহকদের? ব্যাংক কর্মকর্তারা জানান, গ্রাহকের আস্থা অর্জন ও সর্বোচ্চ সেবা দিতে নবযাত্রা শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা ধরে রাখা হবে।

মতিঝিল শাখার ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোকসানা পারভীন বলেন, ‘আমাদের ব্রাঞ্চটাতে সেরকমভাবে কোনো উইথড্রলের প্রেসার নাই। আজকে যতটুকু রিপোর্ট আমার কাছে আছে, অলরেডি ১ কোটি টাকার মতো আমাদের জমা পড়ে গিয়েছে। সাড়ে ৩ লাখ টাকার মতো আমাদের উইথড্রল হয়েছে। এটা আমাদের একদম স্বাভাবিক উইথড্রল। আমাদের এখানে আজকে অতিরিক্ত কোনো চাহিদা সম্পন্ন কোনো উইথড্রল হয়নি।

‘সবাই খুশি, সবাই আনন্দিত ন্যাশনাল ব্যাংকের সঙ্গে সব কাস্টমাররা আছেন, আমাদের বিজনেস এবং আমাদের সার্ভিসের প্রতি আমাদের কাস্টমারদের আস্থা অটুট আছে, থাকবে ইনশাআল্লাহ।’

ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় ৭ হাজার কোটি টাকা ধার দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। যে ঋণের গ্যারান্টি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রথম দিন আবেদন করা গ্রাহকদের প্রায় ১৮৮ কোটি টাকা ফেরত দেয়া হচ্ছে বলে জানিয়েছে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ।

জেআর