গতকাল (মঙ্গলবার, ১৩ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার ঘোনা সীমান্তের দাঁতভাঙ্গা শ্মশানঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ (বুধবার, ১৪ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় ঘোনা বিওপির একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ঘোনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬/১৩-এস থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা শ্মশানঘাট এলাকা দিয়ে ভারত থেকে মাদকের একটি চালান বাংলাদেশে পাচার করা হবে।
আরও পড়ুন:
এ তথ্যের ভিত্তিতে বিজিবির বিশেষ আভিযানিক দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। একপর্যায়ে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম ভারতীয় ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, দেশের তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা এবং সীমান্তপথে মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদকবিরোধী এ অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।




