৬০ বছর আগের তুলনায় সবজিতে পুষ্টি কমেছে প্রায় অর্ধেক

ফসলের প্রাচুর্যে ভরা গ্রামীণ বাংলার এক চিরচেনা চিত্র
ফসলের প্রাচুর্যে ভরা গ্রামীণ বাংলার এক চিরচেনা চিত্র | ছবি: এআই জেনারেডেট
0

ষাট বছর আগের তুলনায় আধুনিক শাকসবজিতে পুষ্টি উপাদান উল্লেখযোগ্য হারে কমেছে বলে গবেষণায় উঠে এসেছে। কিছু নির্দিষ্ট ফসলে বেশ কিছু খনিজ উপাদান ৫০ শতাংশ পর্যন্ত হ্রাস পাওয়ার তথ্য পাওয়া গেছে। জার্নাল অব দ্য আমেরিকান সোসাইটি ফর হর্টিকালচারাল সায়েন্সে প্রকাশিত গবেষণা এবং আন্তর্জাতিক বিভিন্ন পর্যালোচনায় দেখা গেছে, দ্রুত বর্ধনশীল জাতের উদ্ভাবন ও আধুনিক কৃষিপদ্ধতির কারণে ফসলে খনিজ ও ভিটামিনের ঘনত্ব কমে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের গবেষকদের পরিচালিত বহুল আলোচিত একটি গবেষণা প্রতিবেদন পাবমেড-এ প্রকাশিত হয়। এতে যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তরের (ইউএসডিএ) ১৯৫০ ও ১৯৯৯ সালের খাদ্য উপাদানের তথ্য পর্যালোচনা করা হয়। ৪৩টি ফসলের পুষ্টিমান তুলনা করে দেখা যায়, প্রোটিন ৬ শতাংশ, ক্যালসিয়াম ১৬ শতাংশ, ফসফরাস ৯ শতাংশ, আয়রন ১৫ শতাংশ, ভিটামিন সি ২০ শতাংশ এবং রিবোফ্লাভিন ৩৮ শতাংশ পর্যন্ত কমেছে।

এছাড়া গবেষণা প্রতিষ্ঠান ডিপ সায়েন্স ভেঞ্চারসের তথ্যের বরাতে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ১৯৬০-এর দশকে যে পরিমাণ পটাসিয়াম, ম্যাগনেসিয়াম বা কপার পাওয়া যেত, বর্তমানে সেই একই পরিমাণ খনিজ পেতে দ্বিগুণ সবজি খেতে হতে পারে। অর্থাৎ নির্দিষ্ট কিছু ফসলে পুষ্টির ঘনত্ব ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্টিফিক আমেরিকান জানায়, পুষ্টি উপাদান কমে যাওয়ার পেছনে ‘জেনেটিক ডাইলিউশন ইফেক্ট’ বা জিনগত লঘুকরণ প্রধান ভূমিকা রাখছে। অধিক ফলনশীল জাতের শাকসবজি আকারে বড় ও দ্রুত বাড়লেও প্রতি গ্রাম সবজিতে খনিজ ও ভিটামিনের ঘনত্ব কমে যায়। এর পাশাপাশি মাটির উর্বরতা হ্রাস, রাসায়নিক সারের ব্যবহার, সেচপদ্ধতি এবং ফসল সংগ্রহের পর দীর্ঘ পরিবহন ও সংরক্ষণের কারণেও ভিটামিন সি-এর মতো সংবেদনশীল পুষ্টি উপাদান নষ্ট হচ্ছে বলে উল্লেখ করেছে বিবিসি ফিউচার।

তবে পুষ্টির মাত্রা কমলেও শাকসবজি খাওয়া কমানো যাবে না বলে জানিয়েছেন ফুডফ্যাক্টস ডট ওআরজির পুষ্টিবিজ্ঞানীরা। তাদের মতে, পুষ্টি কিছুটা কমার চেয়ে বড় সংকট হলো অধিকাংশ মানুষ দৈনন্দিন চাহিদার তুলনায় অনেক কম সবজি খান। বিশেষজ্ঞদের পরামর্শ হলো—খাদ্যতালিকায় বৈচিত্র্য আনা, তাজা ও মৌসুমি শাকসবজি বেছে নেয়া এবং অতিরিক্ত তাপে রান্না না করা, যাতে ভিটামিন নষ্ট না হয়। সামগ্রিকভাবে সব সবজির পুষ্টি অর্ধেক কমেছে এমন দাবি পুরোপুরি সঠিক না হলেও গত ছয় দশকে কিছু ফসলে খনিজ উপাদান ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমেছে।

তথ্যসূত্র: জার্নাল অব দ্য আমেরিকান সোসাইটি ফর হর্টিকালচারাল সায়েন্স, পাবমেড, ইয়াহু নিউজ, সায়েন্টিফিক আমেরিকান, বিবিসি ফিউচার, ফুডফ্যাক্টস ডট অর্গ, এনপিআর

এএম