ভারতের নির্বাচন কমিশন সংকট: সুপ্রিম কোর্টে ১১ বিরোধী নেতা, দিল্লিতে উত্তেজনা

রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী জোটের মিছিল
রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী জোটের মিছিল | ছবি: সংগৃহীত
0

ভারতে ভোটার তালিকা পুনর্বিন্যাসে (এসআইআর) ব্যাপক অনিয়ম ও কোটি কোটি নাগরিকের নাম বাদ পড়ার অভিযোগে দেশটির সুপ্রিম কোর্টে যৌথভাবে রিট পিটিশন দায়ের করেছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেস কুমারের পদত্যাগ এবং স্বচ্ছ নির্বাচনের দাবিতে সোমবার নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টমুখী ‘মার্চ ফর ডেমোক্রেসি’ পদযাত্রা শেষে এ আবেদন দাখিল করা হয়। টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আবেদনে স্বাক্ষর করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল কংগ্রেসের সৌগত রায়, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) তেজস্বী যাদব, এনসিপির সুপ্রিয়া সুলে, শিবসেনা (ইউবিটি)-র সঞ্জয় রাউত, সিপিআই নেতা ডি রাজা, সিপিআই(এম) নেতা এম এ বেবি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মহুয়া মাজি এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ই টি মোহাম্মদ বশির। এর আগে বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। এরপরই শীর্ষ নেতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক এই পিটিশন দায়ের করা হয়। তবে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি সিইসি জ্ঞানেস কুমারসহ কমিশনারদের ব্যক্তিগতভাবে বিবাদী করার বিষয়ে পিটিশনে কিছু ব্যাখ্যা চেয়েছে।

আন্দোলনের পরবর্তী কৌশল নির্ধারণে মঙ্গলবার বিরোধীদলীয় আইনপ্রণেতা, ছাত্রনেতা ও অধিকারকর্মীদের নিজ বাসভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন রাহুল গান্ধী। ‘সব আন্দোলন এখন এক সুতোয় গাঁথা’ উল্লেখ করে তিনি ভোটার তালিকা কারচুপির বিরুদ্ধে রাজপথে একতাবদ্ধ থাকার আহ্বান জানান। এদিকে ভোটার তালিকায় অনিয়মের প্রতিবাদে আগামী ১৫ অক্টোবর থেকে দলীয় কার্যালয়ে অনশনের ঘোষণা দিয়েছে আম আদমি পার্টি (আপ)।

যন্তর মন্তরে ছাত্র ও যুবসমাজের কর্মসূচি ঠেকাতে নিষেধাজ্ঞা আরোপের তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি কোনো নির্দিষ্ট জায়গাকে নয়, বরং জনগণের প্রতিবাদের অধিকারকে ভয় পান। কোনো স্থানকে নিষিদ্ধ করে আন্দোলন থামানো যাবে না, এখন সারা দেশেই প্রতিরোধ গড়ে তোলা হবে।’

অন্যদিকে বিরোধীদের সুপ্রিম কোর্টমুখী পদযাত্রাকে ‘দেশের ইতিহাসের কালো দিন’ বলে আখ্যায়িত করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি অভিযোগ করেন, আইনি পথ অনুসরণের বদলে মিছিল নিয়ে গিয়ে আদালতকে রাজনৈতিক চাপে ফেলার চেষ্টা করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরসহ বিজেপি নেতারা দাবি করেছেন, নির্বাচনে বারবার পরাজয়ের হতাশা থেকেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর আক্রমণ চালিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন রাহুল গান্ধী।

এএম