এক বছর এশিয়া প্যাসিফিক অঞ্চলের নেতৃত্ব দেবে বাংলাদেশ: স্পিকার

কথা বলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
কথা বলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ | ছবি: এখন টিভি
0

তুরস্কে অনুষ্ঠিত ১৫২তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ সম্মেলনে বিরল সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। সম্মেলন শেষে দেশে ফিরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) জানিয়েছেন, আন্তর্জাতিক এই ফোরামে আগামী এক বছরের জন্য এশিয়া প্যাসিফিক অঞ্চলের নেতৃত্ব দেবে বাংলাদেশ। একইসঙ্গে আইপিইউ সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ তোলা হয়েছিলো, তা বিশ্ববাসীর কাছে সম্পূর্ণ নাকচ হয়ে গেছে বলে দাবি করেন স্পিকার।

তুরস্কে অনুষ্ঠিত ১৫২তম আইপিইউ সম্মেলন শেষে আজ (রোববার, ১১ অক্টোবর) দেশে ফিরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ ফোরামে আগামী এক বছরের জন্য এশিয়া প্যাসিফিক অঞ্চলের নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

স্পিকার জানান, ফোরাম অফ উইমেন এবং ইয়ং পার্লামেন্টের সেশনে জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সমতা এবং রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি বিশ্ব দরবারে জোরালোভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিরসনেও আলোচনা হয়েছে।

আরও পড়ুন:

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে স্পিকার বলেন, ‘সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ তোলা হয়, তা বিশ্ববাসীর কাছে সম্পূর্ণ নাকচ হয়ে গেছে।’

শেখ হাসিনার সরাসরি নির্দেশেই দেশে গুম এবং খুনের মতো জঘন্য ঘটনা সংঘটিত হয়। ফলে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের তোলা সব দাবি ও অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে বলে জানান তিনি।

একই দিনে আইপিইউ’র ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

এসএইচ