তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ; কার্যকর ১ নভেম্বর

ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউব, ফেসবুক, টুইচ এবং রেডিট অ্যাপ্লিকেশন
ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউব, ফেসবুক, টুইচ এবং রেডিট অ্যাপ্লিকেশন | ছবি: রয়টার্স
0

১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক। আগামী ১ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। শনিবার দেশটির সরকারি গেজেটে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত এপ্রিলে তুরস্কের পার্লামেন্টে আইনটি পাস হয়েছিল। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অনলাইন প্ল্যাটফর্মগুলোর ক্ষতিকর প্রভাব থেকে শিশু ও কিশোরদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেয়া দেশের তালিকায় এবার যুক্ত হলো তুরস্ক। নতুন নির্দেশনা অনুযায়ী, অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে বয়স যাচাইসহ যাবতীয় প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। নির্দেশনায় বলা হয়, শিশুদের মধ্যে আসক্তি তৈরি করতে পারে এমন কোনো সেবা তাদের দেয়া যাবে না।

অনলাইন মাধ্যমে অতিরিক্ত সময় কাটানো বা স্ক্রিন আসক্তি, ঘুমের ঘাটতি, সাইবার বুলিং ও মানসিক সমস্যার মতো ডিজিটাল ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষিত রাখতেই মূলত এ ধরনের আইন করা হচ্ছে। এর আগে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো দেশগুলোও একই ধরনের পদক্ষেপ নেয়ার কথা ভাবছে।

তবে তুরস্কে এই আইনের প্রয়োগ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তাদের অভিযোগ, দেশটিতে মতপ্রকাশের স্বাধীনতার ওপর ক্রমাগত কড়াকড়ি আরোপ করা হচ্ছে এবং এর লক্ষ্যবস্তু করা হচ্ছে বিরোধী মত ও গণমাধ্যমকে। এর অংশ হিসেবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এএম