ইসরাইলের চাপের মুখে পূর্ব জেরুজালেম থেকে কূটনীতিক প্রত্যাহার, কার্যক্রম সীমিত যুক্তরাজ্যের

পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট
পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট | ছবি: টাইমস অব ইসরাইল
0

ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত কনস্যুলেট থেকে কনসাল জেনারেলসহ অধিকাংশ কূটনীতিক প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাজ্য। তবে ইসরাইল কনস্যুলেটটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার দাবি করলেও যুক্তরাজ্য জানিয়েছে, ভবনটি বন্ধ হচ্ছে না এবং এটি এখন থেকে যুক্তরাজ্য মিশন, জেরুজালেম নামে সীমিত পরিসরে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ ঘোষিত ইসরাইলি বসতির ওপর যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিক্রিয়ায় গত সেপ্টেম্বরে জেরুজালেমের এই ঐতিহাসিক কনস্যুলেটটি বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় ইসরাইল। ইসরাইলি সরকারের বেঁধে দেয়া ৩০ দিনের সময়সীমা বৃহস্পতিবার শেষ হয়।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমরা চাইনি পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছাক।’ তিনি জানান, কনসাল জেনারেলসহ ২০ জন ব্রিটিশ কূটনীতিক দায়িত্ব শেষ করে ইসরাইল ত্যাগ করছেন এবং কনস্যুলেটের সাইনবোর্ড নামিয়ে ফেলা হয়েছে। তবে ভবনটি ব্রিটিশ সরকারের সম্পত্তি হওয়ায় সেখানে সাতজন কূটনীতিকের একটি দলকে অত্যন্ত সীমিত পরিসরে কাজ করার অনুমতি দেয়া হয়েছে।

এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে জানান, কর্মকর্তা ও তাদের পরিবারের নিরাপত্তার স্বার্থে কিছু কর্মীকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। পূর্ব জেরুজালেম একটি অধিকৃত অঞ্চল এবং সেখানে কনস্যুলেট বন্ধ করার কোনো আইনি অধিকার ইসরাইলের নেই উল্লেখ করে তিনি বলেন, বৃহস্পতিবার থেকে ভবনটি বন্ধ হচ্ছে না, বরং এটি যুক্তরাজ্য মিশন হিসেবে ফিলিস্তিনি জনগণের জন্য কাজ করে যাবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্টিফেন ডাউটি জানান, মিশনটি চালু রয়েছে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে কূটনীতিকেরা তাদের প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাবেন। ইসরাইল সরকারের নীতির সঙ্গে যুক্তরাজ্য একমত নয় বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৮৩৮ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক ব্রিটিশ কনস্যুলেট মূলত জেরুজালেম, অধিকৃত পশ্চিম তীর ও গাজার ফিলিস্তিনিদের সঙ্গে যুক্তরাজ্যের কূটনৈতিক ও অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় পরিচালনা করে আসছে। ইসরাইলে যুক্তরাজ্যের মূল দূতাবাসটি তেল আবিবে অবস্থিত, যা এই কনস্যুলেট থেকে সম্পূর্ণ আলাদা।

এএম