বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক | ছবি: জাতীয় সংসদের ফেসবুক
0

ত্রয়োদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) কমিটির সভাপতি সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সদস্যদের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাদের পরিচিত অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এভিয়েশন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নীতি ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সমন্বয়ের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

বাংলাদেশকে একটি অন্যতম প্রধান এভিয়েশন হাব এবং আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে উন্নীতকরনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের সামগ্রিক কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

আরও পড়ুন:

কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমের বাস্তবায়িত অংশ এবং যেসব পদ শূন্য রয়েছে তার ওপর বিস্তারিত প্রতিবেদন প্রদানের সুপারিশ করে। বৈঠকে শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটি কার্যকরী টিম হিসাবে সততা ও নিষ্ঠার সঙ্গে ‘কেো কাজ, গড়বো দেশ’ এই নীতি ধারণ করে আধুনিক, নিরাপদ, আন্তর্জাতিক মানসম্মত বিমান পরিবহন ও পর্যটন খাত গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার পরামর্শ প্রদান করে। কমিটির কার্যক্রম সূচারুভাবে সম্পন্ন করার জন্য সভাপতি সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

বৈঠকে কমিটি সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ, সংসদ সদস্য মোছা. সুরাইয়া জেরিন, সংসদ সদস্য শওকত আরা আক্তার, সংসদ সদস্য মো. কামরুল হাসান, ও সংসদ সদস্য মো. আবু তালিব, অংশগ্রহণ করেন।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর ঊর্ধ্বতন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস