বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গভর্নরের সঙ্গে বৈঠকে উপস্থিত অন্যান্যরা
গভর্নরের সঙ্গে বৈঠকে উপস্থিত অন্যান্যরা | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হার এক্সেলেন্সি লিস্টিওয়াতি। আজ (রোববার, ৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পরে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় গভর্নর বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ আরও সম্প্রসারণের আহ্বান জানান।

আরও পড়ুন:

একইসঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার লক্ষ্যে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় তৈরি পোশাকসহ ইলেকট্রনিক্স সামগ্রী, ওষুধ, প্রভৃতি রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার কথা উল্লেখ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর বা প্রধান চ্যান্সারি ওয়াহিউ রিয়াদি, অর্থনৈতিক শাখার তৃতীয় সচিব রবি ফিরলি হারখা এবং কর্মকর্তা সাপতো রুদিয়ান্তো।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন ও নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদও বৈঠকে উপস্থিত ছিলেন।

এসএইচ