জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে প্রবাসী আয় বেড়েছে ১৩ শতাংশ

রেমিট্যান্স ও বাংলাদেশ ব্যাংক
রেমিট্যান্স ও বাংলাদেশ ব্যাংক | ছবি: এখন টিভি
0

চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে বছরওয়ারি ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। প্রবাসীদের ধারাবাহিক আয় এবং ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করার বিভিন্ন নীতিগত পদক্ষেপের কারণে এই প্রবৃদ্ধি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের (বিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা দেশে ৮৫৭ কোটি আমেরিকান ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭৫৮ কোটি ডলার।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুধু সেপ্টেম্বর মাসেই প্রবাসী আয় এসেছে ২৭৫ কোটি ডলার, যা ২০২৫ সালের সেপ্টেম্বরে আসা ২৬৯ কোটি ডলারের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেশি।

মাসের শেষ দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশিরা দেশে ১০ কোটি ৫০ লাখ ডলার পাঠিয়েছেন।

আরও পড়ুন:

সর্বশেষ প্রান্তিকের এই প্রবৃদ্ধি ২০২৬ সালজুড়ে রেমিট্যান্স প্রবাহে দেখা যাওয়া ঊর্ধ্বমুখী ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বছরের শুরুতে জানুয়ারি মাসে রেকর্ড ৩১৭ কোটি ডলার রেমিট্যান্স আসে, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশেরও বেশি। পরবর্তী মাসগুলোতেও প্রবাসী আয় বেশি ছিল।

উৎসবকেন্দ্রিক অর্থ পাঠানো, বিনিময় হার পরিস্থিতিতে স্থিতিশীলতা বৃদ্ধি এবং হুন্ডির মতো অনানুষ্ঠানিক রেমিট্যান্স চ্যানেলের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর পদক্ষেপ এতে ভূমিকা রেখেছে।

আর্থিক বিশ্লেষক ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাজারভিত্তিক বিনিময় হার সমন্বয়, বৈধ পথে অর্থ পাঠাতে নীতিগত প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের কার্যকারিতা বৃদ্ধির কারণে রেমিট্যান্স প্রবাহে এই ধারাবাহিক প্রবৃদ্ধি হয়েছে।

প্রবাসীদের আয়ের ধারাবাহিক প্রবাহ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এসএস