মেয়র জানান, হামলার পর পরই ঘটনাস্থলে জরুরি সেবা দলের সদস্যদের মোতায়েন করা হয়। ক্ষেপণাস্ত্র বা ড্রোন বিস্ফোরণে সেতুর সড়ক এবং ওপরের ট্রলিবাসের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেতুর ওপর দিয়ে পূর্ব থেকে পশ্চিম তীরে যান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত দুই দিনে ডিনিপ্রো নদীর ওপর সাউদার্ন সেতুতেও একাধিকবার ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এতে ওই সেতুসহ নদীটির ওপর থাকা আরও দুটি সেতুতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় স্থানীয় কর্তৃপক্ষ।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর আগে কিয়েভের ৩০ লাখ বাসিন্দার এক-তৃতীয়াংশের বেশি ডিনিপ্রো নদীর পূর্ব তীরে বাস করতেন। তবে বাসিন্দাদের বড় অংশই কাজ করেন পশ্চিম তীরে, যেখানে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর ও বড় বড় প্রতিষ্ঠানের কার্যালয় অবস্থিত।
গত সপ্তাহে কিয়েভের বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রগুলোতে নতুন করে হামলা শুরু করে মস্কো। একে আসন্ন শীতে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ধ্বংসের জন্য রাশিয়ার সম্ভাব্য পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে, যা শহরবাসীর মধ্যে তীব্র আতঙ্ক তৈরি করেছে।





