যুক্তরাজ্যে ইহুদিদের ওপর হামলার ছক; দুই ইরানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন

হিটন পার্ক হিব্রু কংগ্রেগেশন সিনাগগের আশপাশে টহল দিচ্ছে পুলিশের গাড়ি
হিটন পার্ক হিব্রু কংগ্রেগেশন সিনাগগের আশপাশে টহল দিচ্ছে পুলিশের গাড়ি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইহুদি সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার অভিযোগে দুই ইরানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দেশটির কর্তৃপক্ষ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) গত শুক্রবার জানায়, অভিযুক্ত ব্যক্তিরা হলেন রহমান সালেহি (৩৪) ও সালাম আহমাদিয়ান (৩৬)। তাদের বিরুদ্ধে ইহুদিদের বার্ষিক পবিত্র দিন ইয়ম কিপুরের সময় বা তার আগে ম্যানচেস্টারে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতি ও সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এ পরিকল্পনার অংশ হিসেবে তারা বিদেশে থাকা তৃতীয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছিলেন, যিনি ইরানে অবস্থান করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কাউন্টার টেররিজম পুলিশের তথ্যমতে, গত ২০ সেপ্টেম্বর গ্রেপ্তারের আগে অভিযুক্ত ব্যক্তিরা একটি দূরনিয়ন্ত্রিত বিস্ফোরক ডিভাইস তৈরির সরঞ্জাম সংগ্রহ এবং হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুতে নজরদারি চালাচ্ছিলেন। তাদের লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিরা কয়েক বছর আগে ছোট নৌকায় করে ইউরোপ থেকে যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন। তাদের একজন রাজনৈতিক আশ্রয় পেয়েছেন এবং অন্যজনের আশ্রয়ের আবেদন বিবেচনাধীন রয়েছে।

শাবানা মাহমুদ বলেন, ‘ইরান সরকার আমাদের ইহুদি সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানায় এবং বিদেশে থাকা তাদের সমালোচকদের কণ্ঠরোধ করার চেষ্টা করে। নিজেদের সংশ্লিষ্টতা আড়াল করতে তারা প্রায়ই প্রক্সি ও অপরাধ চক্রকে ব্যবহার করে।’ তবে তেহরান শুরু থেকেই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।

যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম পুলিশের সিনিয়র সমন্বয়ক ভিক্কি ইভান্স বলেন, ধর্মীয় উৎসবের সময় এই হামলার চক্রান্তের খবর ইহুদি সম্প্রদায় ও সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে।

এর আগে ২০২৫ সালের ২ অক্টোবর ম্যানচেস্টারের হিটন পার্কের সিনাগগে সিরীয় বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিকের গাড়ি ও ছুরি হামলায় দুজন নিহত হয়েছিলেন। তবে পুলিশ জানিয়েছে, আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি ঘিরে যে হামলার ছক নিয়ে তদন্ত চলছে, তার সঙ্গে ম্যানচেস্টারের এই ঘটনার কোনো যোগসূত্র নেই।

এএম