মার্কিন-কোরীয় বাণিজ্য চুক্তি: তেল খাতে বিনিয়োগ ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে অঙ্গভঙ্গি করছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে অঙ্গভঙ্গি করছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং | ছবি: সংগৃহীত
0

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির আওতায় তেল উত্তোলন প্রকল্পে অতিরিক্ত ৮৪০ কোটি ডলার যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানির দাম বৃদ্ধি ও অর্থনৈতিক উদ্বেগ সামাল দিতে ট্রাম্প একের পর এক বড় বিনিয়োগ চুক্তি সামনে আনছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, জ্বালানি তেল উৎপাদন বাড়ানোর এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শক্তি ও নিরাপত্তা আরও মজবুত হবে। এর আগে বুধবার ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার ২০০ বিলিয়ন ডলারের কৌশলগত বিনিয়োগ করার পরিকল্পনার কথা জানান তিনি।

যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে হওয়া সাড়ে ৩৫ হাজার কোটি (৩৫০ বিলিয়ন) ডলারের সামগ্রিক কৌশলগত বিনিয়োগ চুক্তির আওতায় প্রাথমিক এই প্রকল্পগুলো বাস্তবায়ন হতে যাচ্ছে। এসব প্রকল্পের মধ্যে আটটি বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, টেক্সাসে ৬ গিগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র এবং আলাস্কায় ৫ হাজার ৪০০ কোটি ডলারের প্রাকৃতিক গ্যাস পাইপলাইন অন্তর্ভুক্ত রয়েছে।

তবে আলাস্কার গ্যাস পাইপলাইন প্রকল্পটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সিউলের শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রকল্পটির বাণিজ্যিক গ্রহণযোগ্যতা এবং আইনি বিষয়গুলো পর্যালোচনা করার পরই কেবল এতে চূড়ান্ত সম্মতি দেবে দক্ষিণ কোরিয়া সরকার।

এএম