ঠাকুরগাঁওয়ে ৫ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

উদ্বোধন অনুষ্ঠান
উদ্বোধন অনুষ্ঠান | ছবি: এখন টিভি
1

আনন্দে শিখি, শৃঙ্খলায় থাকি, দেশ গড়ার নতুন স্বপ্ন আঁকি— প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পাঁচদিনব্যাপী একাদশ জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন করা হয়েছে। আজ (শুক্রবার, ২ অক্টোবর) বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পুরির উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ক্যাম্পুরির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ রফিকুল হক।

তিনি বলেন, ‘স্কাউটসের কার্যক্রম শিক্ষার্থীদের সুন্দর হতে শেখায়, মানবিক মানুষ হতে শেখায়। ক্যাম্পুরিতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজে সুন্দর হবে, মানবিক মানুষ হয়ে গড়ে উঠবে। শিক্ষার্থীরা প্রতিভা বিকাশের সুযোগ পাবে, সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন করবে। সর্বোপরি সততা ও সত্যের পথে দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের কমিশনার আখতারুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন,ক্যাম্পুরির সদস্য সচিব ও বাংলাদেশ স্কাউটস, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি ও জেলার স্কাউটর্সের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে কাব স্কাউটদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। ডিসপ্লেতে স্কাউটদের শৃঙ্খলা, দলগত কার্যক্রম ও বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত এ কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এ ক্যাম্পুরিতে জেলার ৭৫ শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯০জন কাব স্কাউটরা অংশগ্রহণ করছে। আগামী ৪ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মহাতাঁবু জলসা।

জেআর