পরিবারের ছোট, বড় সব সদস্যরা হাতে জাল নিয়ে মাঠে ঘাস পড়িং শিকার করছেন। শুনতে অদ্ভুত মনে হলেও এমনই এক ব্যতিক্রমী এক আয়োজনে মেতে উঠেছেন মেক্সিকোর ওয়াহাকা অঞ্চলের স্থানীয় বাসিন্দারা।
বরাবরের মতো এবারও ওয়াহাকা অঞ্চলে উদযাপন হয়েছে চাপুলিন বা ঘাসপড়িং ধরার উৎসব। ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতিকে তুলে ধরতে প্রতিবছর মতো এবারও উৎসবটির আয়োজন করা হয়।
উৎসবের মূল আকর্ষণ ছিল ফড়িং ধরার প্রতিযোগিতা। মেক্সিকান পরিবারগুলোর নানা বয়সী সদস্যরা জাল দিয়ে খোলা মাঠে ৪ ঘণ্টা ধরে স্থানীয়ভাবে পরিচিত ‘চাপুলিন’ নামে এক বিশেষ প্রজাতির ঘাসফড়িং শিকার করেন। প্রতিযোগিতা শেষে যিনি সর্বোচ্চ পরিমাণ ফড়িং সংগ্রহ করেন তাকে পুরস্কৃত করা হয়।
তবে এ বছর অঞ্চলটিতে বৃষ্টিপাত কম হওয়ার কারণে বিগত বছরগুলোর তুলনায় মাঠে ঘাসফড়িংয়ের সংখ্যা কিছুটা কমে গেছে বলে জানান আয়োজনে অংশগ্রহণকারীরা। এটিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
আয়োজনে অংশগ্রহণকারীদের একজন বলেন, ‘আবহাওয়াটা বেশ গরম, তেমন বৃষ্টিও হয়নি। যার ফলে ব্যাপারটা জটিল হয়ে গেছে এবং ঘাসফড়িং সংগ্রহ কিছুটা কমে গেছে। তবে আমরা বেশ আনন্দ করেছি।’
এটা ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। ছোটবেলা থেকেই আমার মা, খালাদের সঙ্গে এগুলো ধরতে যেতাম।
চাপুলিন বা ঘাসফড়িং ধরার উৎসবের মূল উদ্দেশ্য হলো মেক্সিকোর ওয়াহাকা অঞ্চলের দীর্ঘদিনের রন্ধনশৈলী, সংস্কৃতি এবং পারিবারিক বন্ধনকে একসঙ্গে উদযাপন করা।





