এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেরদৌসী আহমেদ মিষ্টি
ফেরদৌসী আহমেদ মিষ্টি | ছবি: সংগৃহীত
4

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযোগ উঠার পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে তাকে নির্দেশ দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, ফেরদৌসী আহমেদ মিষ্টিকে প্রধানমন্ত্রীর লিখিত নির্দেশনা পৌছে দেয়া হয়েছে। এর পর পদত্যাগ করতে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে যাচ্ছেন তিনি।

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেয়া হয়। মামলার এজাহার অনুযায়ী, ঘটনায় প্রায় ১ কোটি ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার পর মিষ্টির নাম আলোচনায় আসে। তবে তার সম্পৃক্ততার অভিযোগ এখনো তদন্তাধীন। ৩০ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেয়া হবে না।

আরও পড়ুন:

রাড্ডা সেন্টারের ভাঙচুরের ঘটনায় স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক, তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রাজধানীর উত্তর অংশে বিএনপির দলীয় পর্যায়েও সাংগঠনিক পরিবর্তন এসেছে। ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একই সময়ে যুবদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকটি পর্যায়েও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার খবর পাওয়া গেছে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি দীর্ঘদিন ধরে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, টিকাদান ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল। ভাঙচুরের পরও সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা চালুর চেষ্টা চলছে।

এসএস