দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ৬ দলের গ্রুপপর্বে বাংলাদেশ স্থান পেয়েছে ‘বি’ গ্রুপে। সেখানে টাইগারদের সঙ্গী দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও শ্রীলঙ্কা, এছাড়া শক্তিশালী নিউজিল্যান্ড স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।
নামিবিয়ার উইন্ডহুকে আগামী ৮ অক্টোবর সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ১২ অক্টোবর কুগোম্পোতে নিউজিল্যান্ড, ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কা এবং ১৯ অক্টোবর একই ভেন্যুতে সহ-স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। ২৩ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ কোয়ালিফায়ার ‘বি’ থেকে উঠে আসা দল।
আরও পড়ুন:
এবারের বিশ্বকাপে সেমিফাইনালের পথটা একটু ভিন্ন রকম। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপের সেরা একটি চতুর্থ দল মিলে মোট ৭টি দল যাবে ‘সুপার সেভেন’ পর্বে। সেখান থেকে পয়েন্ট টেবিলের সেরা ৪ দল টিকিট পাবে স্বপ্নের সেমিফাইনালের।
অন্যদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সঙ্গে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও স্বাগতিক জিম্বাবুয়ে। আগামী ৭ অক্টোবর ভারত-অস্ট্রেলিয়া হাইভোল্টেজ ম্যাচ পর্দা উঠবে এবারের আসরের এবং ১০ অক্টোবর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে বহু কাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান লড়াই।
বাছাইপর্ব পেরিয়ে আসা চার দলসহ মোট ১৪টি দল লড়াই করবে ট্রফির জন্য। আর ২১ নভেম্বর জোহানেসবার্গে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই বিশ্বমঞ্চের।




