বৃষ্টি বাধায় প্রশ্নবিদ্ধ এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্তির সিদ্ধান্ত

বৃষ্টি বাধায় মাঠে গড়ায়নি চার কোয়ার্টার ফাইনালের ম্যাচ
বৃষ্টি বাধায় মাঠে গড়ায়নি চার কোয়ার্টার ফাইনালের ম্যাচ | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের টানা চার কোয়ার্টার ফাইনাল পণ্ড হয়েছে বৃষ্টির কারণে। ম্যাচ না খেলেই ভারত-পাকিস্তান বা বাংলাদেশ উঠে গিয়েছে সেরা চারে। আবার দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও কেবল র‌্যাঙ্কিংয়ের কারণে বাদ পড়েছে নেপাল। শঙ্কা আছে বাকি চার ম্যাচ নিয়েও। আর এতে করে প্রশ্ন উঠেছে গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি আর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সূচি নিয়ে।

আবাসন বিতর্ক মাথায় নিয়ে এশিয়ান গেমসের আয়োজন শুরু করেছিল জাপানের আইচি নাগোয়া। তবে গেমসের শেষাংশে এসে আবাসন আর প্রতিযোগিতার চেয়েও বড় হয়ে উঠছে আবহাওয়ার সতর্কতা। অ্যাথলেটদের চোখ এখন মাঠের চেয়ে আকাশের দিকেই বেশি।

দিনকয়েক আগেই জাপানে হয়ে যাওয়া তাইফুন দুজোয়ানের প্রভাব এখনো কাটেনি। এশিয়ান গেমসে গেল দুদিনে বিভিন্ন ইভেন্টের খেলাও বাতিল হয়েছে যার প্রভাবে। কোনো ম্যাচ না খেলেই গেমসের পুরুষ ক্রিকেটের সেমিফাইনাল নিশ্চিত করেছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আগামী ১ অক্টোবরের সেমিফাইনাল এবং ৩ অক্টোবরের ব্রোঞ্জ এবং স্বর্ণপদকের ম্যাচ নিয়েও আছে ভাবনা। ফ্লাডলাইটবিহীন স্টেডিয়ামে মেঘের সঙ্গে পাল্লা দিয়ে ক্রিকেট মাঠে গড়াবে কি না, তা এক প্রশ্ন।

আরও পড়ুন:

টেনিস ইভেন্টেও খেলা বিঘ্নিত হয়েছে বৈরী আবহাওয়ার কারণে। হিগাশিয়ামা পার্ক সেন্টারে গেমসের টেনিস ইভেন্টের খেলা হয়েছে পণ্ড। বাধ্য হয়ে আন্তর্জাতিক মানের চেয়ে কিছুটা ছোট কোর্টে ইনডোর টেনিসেই শেষ করতে হচ্ছে ইভেন্টের ব্যস্ততা। এমনকি সাগরে উপযুক্ত ঢেউ না থাকায় সার্ফিং ইভেন্টের খেলা পিছিয়ে নেয়া হয়েছে ৪ অক্টোবরে।

আউটডোর সব ইভেন্টেই যখন আবহাওয়ার এমন বৈরি পরিস্থিতি, তখন প্রশ্ন উঠেছে কেন দুর্যোগপ্রবণ এক সময়েই গেমসের আয়োজন। আয়োজকরা অবশ্য আশাবাদী ৪ অক্টোবরের নির্ধারিত তারিখেই শেষ হবে এশিয়ান গেমসের আয়োজন।

এসএইচ