তিনি বলেন, ‘গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামের একটি ফিশিং বোট ১৩ জন জেলেকে নিয়ে টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। পরে ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মাছ আহরণ শেষে পোতাশ্রয়ে ফেরার সময় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বোটটি ভাসতে থাকে।’
এ সময় বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে কোস্ট গার্ড।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ উদ্ধার অভিযানে নামে। পরে সেন্টমার্টিন থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটটি শনাক্ত করে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেয়া হয়েছে। বর্তমানে ফিশিং বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, ‘সমুদ্রে বিপদগ্রস্ত জেলেদের জরুরি সহায়তা ও উদ্ধারে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’





