রাড্ডা ক্লিনিকের সংস্কার শুরু; খোলা আকাশের নিচেই চলছে চিকিৎসাসেবা

রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপ
রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপ | ছবি: সংগৃহীত
0

মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর আর লুটপাটের পর, গুড়িয়ে দেয়া সেই ধ্বংসস্তূপে প্রাথমিক সংস্কার ও পরিষ্কারের কাজ শুরু করেছে শ্রমিকরা। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) হামলার চতুর্থ দিনে আজও, খোলা আকাশের নিচেই, স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন কর্মীরা।

সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানেই এ সংস্কার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রাজ্জাক। তিনি বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে দ্রুততার সঙ্গে স্বাস্থ্য সেবা পরিচালনার জন্য স্বাস্থ্যকেন্ত্রটি নির্মাণ করা হবে।’

এদিকে, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, ‘হামলার ঘটনার পেছনে কারা জড়িত, তা নিয়ে তদন্ত চলছে। তবে যথাযথ ব্যবস্থা নেবে সরকার।

এর আগে বৃহস্পতিবার, মুখোশ পরা অন্তত দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে, স্বাস্থ্যসেবা কেন্দ্রে ঢুকে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয়। এতে প্রায় দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্লিনিক কর্তৃপক্ষের।

এ ঘটনায়, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিএনপি নেতা ফেরদৌসী আহমেদ মিষ্টির ইন্ধনে এমন ঘটনা ঘটেছে বলেও অভিযোগ উঠেছে। এদিকে, পুলিশের সামনেই ভাঙচুর, হামলা আর লুটপাটের অভিযোগ পাওয়ার কথা জানায়, ডিএমপি গঠিত তদন্ত কমিটিও। এ ঘটনায় প্রত্যাহার করা হয়েছে, শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে। আর এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে নয়জনকে, উদ্ধার হয়েছে লুট হওয়া দুই ট্রাক মালামাল।

এএইচ