দক্ষিণ আফ্রিকায় পৃথক বন্দুক হামলায় নিহত ২৭

দক্ষিণ আফ্রিকান পুলিশ
দক্ষিণ আফ্রিকান পুলিশ | ছবি: সংগৃহীত
0

দক্ষিণ আফ্রিকার একটি পানশালা ও একটি বিনোদনকেন্দ্রে আলাদা আগ্নেয়াস্ত্র হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২৭ জনের। আহত হয়েছে আরও ২৬ জন।

আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) পুলিশ জানায়, জোহানেসবার্গের পশ্চিমে একটি পানশালায় হামলা চালিয়ে অন্তত ১৭ জনকে হত্যা করে সশস্ত্র বন্দুকধারীরা। হামলায় আহত হয় ১৫ জন।

গতকাল (শনিবার, ২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ হামলায়, একে ফরটি সেভেন রাইফেল আর পিস্তল ব্যবহার করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন

দু’টি মোটরবাইকে চড়ে পালানোর আগে তল্লাশি চালিয়ে পানশালার অতিথিদের অনেকের মুঠোফোন নিয়ে যায় তারা। এ ঘটনায় আট সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।

অন্যদিকে, রাত পৌনে ২টার দিকে রাজধানী কেপটাউনে একটি বিনোদনকেন্দ্রে আগ্নেয়াস্ত্র হামলায় নিহত হয় আরও ১০ জন, আহত ১১ জন।

কোনো হামলারই কারণ বা কারা এসব হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মাত্র চারদিন আগেই দেশটির ডারবানে তিন বন্দুকধারী একটি বাড়িতে হামলা চালিয়ে অন্তঃসত্ত্বা নারীসহ ১১ জনকে হত্যা করে।

জেআর