শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ইয়েমেনে ইউনিসেফের প্রতিনিধি আখিল আইয়ার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্বেগজনক চিত্র তুলে ধরেন। তিনি জানান, সংঘাতময় এলাকাগুলোতে তাদের পরিচালিত মোবাইল টিমের সাম্প্রতিক সমন্বিত পর্যালোচনায় দেখা গেছে, পরীক্ষা করা প্রায় ২ হাজার ৯০০ শিশুর মধ্যে এক-চতুর্থাংশের বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে অন্তত ২০০ শিশুর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক।
সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যকার গৃহযুদ্ধ ২০২২ সালের যুদ্ধবিরতির পর সম্প্রতি আবার তীব্র হয়ে উঠেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহর এবং লোহিত সাগর উপকূলবর্তী এলাকাগুলোতে হুথিদের অগ্রযাত্রার মুখে অন্তত ১ লাখ ৩৩ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন। ইউনিসেফের হিসাব অনুযায়ী, কেবল গত তিন সপ্তাহেই ৭১ হাজার শিশু বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে।
ইউনিসেফ সতর্ক করে জানিয়েছে, চলতি বছর ইয়েমেনে পাঁচ বছরের কম বয়সী প্রায় ২২ লাখ শিশু চরম অপুষ্টির মুখোমুখি হতে পারে। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী, এদের মধ্যে সাড়ে পাঁচ লাখেরও বেশি শিশু প্রাণঘাতী মারাত্মক পুষ্টিহীনতায় ভুগতে পারে।





