পশ্চিমবঙ্গে আদানি-আম্বানির মেগা বিনিয়োগের প্রস্তাব

গৌতম আদানি ও শুভেন্দু অধিকারী
গৌতম আদানি ও শুভেন্দু অধিকারী | ছবি: সংগৃহীত
0

পশ্চিমবঙ্গের শিল্পখাতে বিনিয়োগ আনতে উঠে পড়ে লেগেছেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছুটে যাচ্ছেন আদানি থেকে আম্বানি'র দুয়ারে। গতকাল (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) শুভেন্দুর উপস্থিতিতে কলকাতার নিউটাউনে ৪ হাজার কোটি রুপির মেগা হেলথকেয়ার প্রোজেক্টের ভিত্তি স্থাপন করেছে আদানি গ্রুপ। এছাড়াও ২০৩৫ সালের মধ্যে বিভিন্ন সেক্টরে ১ লাখ কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন শিল্পপতি গৌতম আদানি। সুখবর দিয়েছেন আম্বানিও। আগামী সপ্তাহেই কলকাতায় যাবে রিলায়েন্সের প্রতিনিধি দল।

বাংলার জন্য বিরাট চমক- এখন স্রেফ সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গের মসনদে বসে রাজ্যের শিল্পখাতে যে আমুল পরিবর্তন আনার আভাস দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারই কিছুটা ঝলক দেখা যাচ্ছে।

কলকাতা গিয়েই ২ হাজার শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতালের ভিত্তি স্থাপন ছাড়াও একগুচ্ছ নতুন প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছেন শিল্পপতি গৌতম আদানি। নিউটাউনের আদানি আরোগ্য মন্দির শুধু মানের দিক থেকেই সেরা নয়, এর অন্তত ৫০ শতাংশ অর্থাৎ ১ হাজার বেড থাকবে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। এর পাশেই তৈরি হবে মেডিকেল কলেজ।

হাসাপাতাল ঘিরে রাজ্যে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনার আশাবাদ প্রকাশ করেন খোদ গৌতম আদানি। ২ হাজার শয্যার আদানি আরোগ্য মন্দিরে ১০ হাজার নতুন কর্মসংস্থানের কথা বলেন তিনি। পাশাপাশি ২০৩৫-এর মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটির বিনিয়োগের প্রতিশ্রুতি দেন আদানি।

আর কলকাতাকে রাজ্যের মেডিক্যাল ট্যুরিজম কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও বলেন, অনুষ্ঠানের ফাঁকে রাজ্য সরকার ও আদানি গোষ্ঠীর মধ্যে ২টি এমওইউ স্বাক্ষরিত হয়েছে।

এদিকে, শিল্পপতি মুকেশ অম্বানীর পুত্র অনন্তের আমন্ত্রণে মুম্বাইয়ের বাসভবন অ্যান্টিলিয়া যান মুখ্যমন্ত্রী শুভেন্দু। পশ্চিমবঙ্গে শিল্প সম্প্রসারণ এবং কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা নিয়ে আলোচনা করেন আম্বানি পরিবারের সঙ্গে। শুভেন্দু জানান, পশ্চিমবঙ্গের শিল্পবিমুখ ভাবমূর্তি বদলাতে উদ্যোগী হওয়ায় আগামী সপ্তাহেই কলকাতায় যাবে রিলায়েন্সের প্রতিনিধি দল। আসতে পারে বড় বিনিয়োগের ঘোষণাও।

ইএ