বরগুনায় পঞ্চম শ্রেণির স্কুল শিক্ষার্থীর ওপর বখাটের হামলা

আহত স্কুলছাত্রী
আহত স্কুলছাত্রী | ছবি: এখন টিভি
0

বরগুনার বেতাগীতে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে নৃশংসভাবে মারধর করার অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। বখাটের হামলায় ভুক্তভোগী শিক্ষার্থীর তিনটি দাঁত উপড়ে গেছে এবং আরও দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল (সোমবার, ২১ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বর্বরোচিত ঘটনা ঘটে। বর্তমানে আহত শিক্ষার্থীকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার ওই শিক্ষার্থী বিদ্যালয়ের ওয়াশরুমে গেলে স্থানীয় বখাটে ফয়সাল তাকে উত্যক্ত করে। বিষয়টি শিক্ষার্থী তার স্বজনদের জানালে অভিযুক্ত ফয়সাল আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে মারধরের হুমকি দেয়। বখাটের হুমকির মুখে ভয়ে সোমবার স্কুলে যেতে চায়নি ওই শিক্ষার্থী। পরবর্তীতে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক তাদের বাড়িতে গিয়ে নিরাপত্তা ও আশ্বাস দিয়ে তাকে স্কুলে নিয়ে আসেন।

তবে বিদ্যালয় ছুটি হওয়ার পরপরই পূর্বপরিকল্পিতভাবে ফয়সাল স্কুল প্রাঙ্গণেই ওই শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা চালায়। বখাটের উপর্যুপরি পিটুনিতে শিশুটির তিনটি দাঁত ঘটনাস্থলেই পড়ে যায় এবং দুটি দাঁত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে শিক্ষক ও স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ননী গোপাল মালাকার জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। রোববারের ঘটনার পর আমরা শিশুটিকে অভয় দিয়ে স্কুলে এনেছিলাম, কিন্তু ছুটির পরই স্কুল প্রাঙ্গণে এমন ঘটনা ঘটবে তা ভাবতেও পারিনি।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা মোসা. রোকসানা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটে ফয়সাল আমার অবুঝ সন্তানের ওপর নৃশংসতা চালাল। তিনটি দাঁত উপড়ে ফেলে তাকে রক্তাক্ত করেছে। আমি এই বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরইমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, ভুক্তভোগী শিশুটির পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা থানায় এলে লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইএ