পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরাইয়া আক্তার বউবাজার ক্যানেলপাড় এলাকায় মানিক মিয়ার পাঁচতলা ভবনের তৃতীয় তলায় স্বামী আল আমিনের সঙ্গে বসবাস করতেন।
রোববার রাত আনুমানিক পৌনে ৮ টায় আল আমিন সেলুনের উদ্দেশ্য বাসা থেকে বের হয়। প্রায় সোয়া এক ঘণ্টা পর রাত ৯টার দিকে বাসায় ফিরে তিনি দেখতে পান, কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ।
ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁকা দিয়ে স্ত্রীকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। এ সময় তার চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর দেওয়া হয় সিদ্ধিরগঞ্জ থানায়।
সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল উদ্দিন ঘটনাস্থলে পৌঁছান। পরে দরজার লক খুলে পুলিশ ঘরে প্রবেশ করে এবং ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে সুরাইয়া আক্তারের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোনে আত্মহত্যা সংক্রান্ত একটি ভিডিওর কথা জানিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ভিডিওটি প্রকাশ করেনি।
নিহত সুরাইয়া আক্তার মাদারীপুরের রাজৈর থানার বিদ্যানন্দী এলাকার জহুর উদ্দিন হাওলাদারের মেয়ে। তার স্বামী আল আমিন পেশায় একজন পোশাক শ্রমিক।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য জানান, সন্ধ্যায় সুরাইয়ার স্বামী তার শ্বশুরের সঙ্গে কথা বলে। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কিও হয়। এরপরে স্বামী বাইরে গেলে এ ঘটনা ঘটে।





