নিহত শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ ও বিজিবি জানিয়েছে, শাকিল মানসিকভাবে অসুস্থ ছিলো এবং শুক্রবার থেকে নিখোঁজ।
শনিবার রাতে সীমান্তের ভারতীয় অংশের লংকামোড়া এলাকায় মরদেহ পাওয়ার পর পরিবারের সদস্যরা সেখানে গিয়ে শাকিলকে শনাক্ত করেন।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি-বিএসএফ এবং দুই দেশের পুলিশের মধ্যে আলোচনার মাধ্যমে তা ময়নাতদন্তের জন্য ভারতে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, শাকিল কীভাবে সীমান্তের শূন্যরেখায় গেলো এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।





