প্যাট্রিয়ট ঘাটতিতে বিপাকে কিয়েভ; মহড়ার ক্ষেপণাস্ত্রে হামলা চালাচ্ছে মস্কো

ওয়ারশর কাছে মোতায়েন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
ওয়ারশর কাছে মোতায়েন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা | ছবি: রয়টার্স
0

ইউক্রেনে আকাশপথে হামলা জোরদার করতে আগে মহড়ায় ব্যবহৃত প্রশিক্ষণ ক্ষেপণাস্ত্রকে মূল হামলায় ব্যবহার করছে রাশিয়া। ইউক্রেনের হাতে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের তীব্র সংকট থাকায় মস্কোর এই কৌশল কিয়েভকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের তথ্যানুযায়ী, গত জুলাই ও আগস্টের শুরুতে ইউক্রেনে ছোড়া ২২৮টি ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের অর্ধেকেরও বেশি ছিল এই রূপান্তরিত আরএম৪৮ইউ ক্ষেপণাস্ত্র। মূলত এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য লক্ষ্যভেদী অনুশীলনে এগুলো ব্যবহার করা হতো। ইউক্রেনীয় বিশেষজ্ঞদের মতে, এসব ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক গতিতে ছুটে চললেও মূল ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের মতো নির্ভুল নয়। এগুলো লক্ষ্যবস্তু থেকে গড়ে প্রায় ৩০০ মিটার পর্যন্ত বিচ্যুত হয়ে বিস্ফোরিত হয়, যার ফলে আশপাশের বিস্তৃত এলাকায় বেসামরিক প্রাণহানি ঘটছে।

লন্ডনভিত্তিক থিংকট্যাংক আরইউএসআই-এর প্রতিরক্ষা গবেষক সিদ্ধার্থ কৌশল জানান, শীতকালের বড় ধরনের হামলার জন্য ইস্কান্দার, জিরকন ও কেএন-২৩-এর মতো মারাত্মক ও নিখুঁত ক্ষেপণাস্ত্রগুলো মজুত রাখতেই অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসে সস্তা আরএম৪৮ইউ ব্যবহার করছে মস্কো। এর ফলে ইউক্রেনের অবশিষ্ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রগুলোও দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার একমাত্র কার্যকর মার্কিন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মজুত কিয়েভের প্রায় শেষ পর্যায়ে। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব বাহিনী ও উপসাগরীয় মিত্রদের প্যাট্রিয়ট সরবরাহে বেশি অগ্রাধিকার দেয়ায় ইউক্রেনে নতুন চালান আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে গত জুলাই মাসে ইউক্রেনে অন্তত ৪৩৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যা যুদ্ধের শুরুর দিকের পর এক মাসে সর্বোচ্চ। কিয়েভের কাছে ব্রোভারি এলাকায় একটি রেলস্টেশনে হামলায় আটজন নিহতের পেছনেও এই কম নির্ভুল প্রশিক্ষণ ক্ষেপণাস্ত্রের আঘাত নিশ্চিত করেছেন তদন্তকারীরা। তবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার অভিযোগ অস্বীকার করে রাশিয়ার দাবি, তারা কেবল সামরিক ও কৌশলগত অবকাঠামোতেই হামলা চালাচ্ছে।

এএম