নিহত জায়দুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানায়, মন্দরী গ্রামের জায়দুল মিয়াসহ তার লোকজনের সঙ্গে একই গ্রামের আব্দুল মজিদ ও সারোয়ারসহ তাদের লোকজনের দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে জায়দুল মিয়া গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে একা পেয়ে আব্দুল মজিদ ও সারোয়ারের লোকজন গতিরোধ করে।
আরও পড়ুন:
একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই তাকে কুপিয়ে ও ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর আহত হন জায়দুল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দু’পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক বলেন, ‘বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাদের মধ্যে গ্রাম্য আধিপত্য নিয়ে পূর্ব বিরোধ ছিল। হত্যাকাণ্ডের ঘটনাটি পুলিশ তদন্ত করছে। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।’





