নির্বাচনে মধ্য-বাম জোটের জয়; সুইডেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

উলফ ক্রিস্টারসন
উলফ ক্রিস্টারসন | ছবি: দ্য গার্ডিয়ান
0

সুইডেনের সাধারণ নির্বাচনে মধ্য-বামপন্থী বিরোধীদের কাছে সামান্য ব্যবধানে হেরে পদত্যাগ করেছেন মধ্য-ডানপন্থী প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। এর মাধ্যমে সোশ্যাল ডেমোক্র্যাটস দলের নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ উন্মুক্ত হলো। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রোববার অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত গণনা শেষে বামঘেঁষা বিরোধী জোট ১৭৬টি আসনে জয় পেয়ে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ক্ষমতাসীন মধ্য-ডানপন্থী জোট ও তাদের সমর্থক কট্টর ডানপন্থী ‘সুইডেন ডেমোক্র্যাটস’ (এসডি) জোটের চেয়ে তারা মাত্র ৩টি আসন বেশি পেয়েছে। ফলাফলের স্পষ্ট চিত্র আসার পরই চার বছর দেশ শাসনের পর পদত্যাগের ঘোষণা দেন ক্রিস্টারসন। নিয়ম অনুযায়ী পার্লামেন্টের স্পিকার অ্যান্ড্রেয়াস নরলেন এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া পরিচালনা করবেন।

এক বিজয়ী ভাষণে অ্যান্ডারসন বলেন, সুইডেনের মানুষ বিভাজনের বিরুদ্ধে এবং জাতীয় ঐক্যের পক্ষে রায় দিয়েছে। তিনি জলবায়ু সংকট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বয়স্কদের যত্ন এবং অভিবাসন নীতি পুনর্গঠনকে নতুন সরকারের মূল অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন। ইতোমধ্যেই তিনি বাম, সেন্টার ও গ্রিন পার্টির নেতাদের প্রাথমিক জোট আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন।

এবারের নির্বাচনে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে উগ্র ডানপন্থী দল সুইডেন ডেমোক্র্যাটস। প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম সাধারণ নির্বাচনে তাদের ভোট কমেছে। ফলে দলটি দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল থেকে তৃতীয় স্থানে নেমে গেছে।

তবে জয় পেলেও অ্যান্ডারসনকে জটিল জোট আলোচনার মুখোমুখি হতে হবে। বাম ও সেন্টার পার্টির নীতিগত মতপার্থক্য, পারমাণবিক শক্তি নিয়ে গ্রিন পার্টির অবস্থান এবং ধনীদের ওপর কর আরোপের বিষয়গুলো নিয়ে বিভিন্ন দলের মধ্যে মতভেদ রয়েছে। সুইডিশ রাজনীতিতে সংখ্যালঘু সরকার গঠনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে, তাই আনুষ্ঠানিক জোট ছাড়াও বাইরে থেকে সমর্থনের মাধ্যমে নতুন সরকার গঠিত হতে পারে।

এএম