এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আগামীকাল (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) ওসাকার নাগাই স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পিটার বাটলারের দল।
ম্যাচের আগে আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) শেষবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। উত্তর কোরিয়ার বিপক্ষে লাল-সবুজদের রক্ষণভাগের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে এসব ভুল না করার প্রত্যয় ডিফেন্ডার শিউলি আজিমের কণ্ঠে।
তিনি বলেন, ‘আমাদের সব মিলিয়ে প্রস্তুতি ভালো। আমরা আগের ম্যাচে যেই ভুলত্রুটিগুলো হয়েছে আমাদের, আমরা চেষ্টা করবো পরের ম্যাচে সেই ভুলত্রুটিগুলো না করার। কারণ আগের ম্যাচে আমরা একটু গোল খেয়েছি লাইক ডাবল ডিজিট। তো আমাদের চেষ্টা থাকবে আর যেহেতু আমাদের নেক্সট অপোনেন্টও হচ্ছে অনেক ভালো, তো আমাদের চেষ্টা থাকবে গোল সংখ্যা কমানো। চেষ্টা থাকবে যেন একদম গোল না খাই, তবে যতটুকু পারি আরকি।’
আরও পড়ুন:
বাস্তবতা বিবেচনায় বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে দক্ষিণ কোরিয়া। প্রতিপক্ষ কঠিন হলেও নিজেদের উন্নতির চেষ্টার কথাই শোনালেন শিউলি।
তিনি বলেন, ‘নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া দুই টিমই সমান। যদিও একটু ফারাক হয়তো আছে দুই টিমের মধ্যে, তবে তাদের যে গতি, তাদের সঙ্গে আসলে তাল মিলিয়ে খেলাটা আমাদের জন্য অনেক টাফ। তারপরও আমরা চেষ্টা করছি আমাদের উন্নতি করার।’
দক্ষিণ কোরিয়ার দুর্বলতার সুযোগ নিতে চায় বাংলাদেশ। প্রতিপক্ষের খেলার ভিডিও বিশ্লেষণ করে সেভাবেই পরিকল্পনার কথা জানালেন সহকারী কোচ আবুল হোসেন।
তিনি বলেন, ‘আমরা কোরিয়ার ম্যাচটা দেখেছি। উত্তর কোরিয়ার ম্যাচেও খেলেছি আমরা, দক্ষিণ কোরিয়ার ম্যাচ দেখেছি। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া সেম। বাট তারা কীভাবে খেলে আর উত্তর কোরিয়া কীভাবে খেলে সেটা আমরা একটু ম্যাচ অ্যানালাইসিস করে পেয়েছি যে আমরা এভাবে খেলব আমরা।’
আসরের শুরুটা ভালো না হলেও সামনে ভালো করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী দল।




