গুম ছাত্রদল নেতার ছেলের জন্য পাঠ্যপুস্তক পাঠালেন প্রধানমন্ত্রী

রিফাদের ভাইয়ের হাতে বই তুলে দেন মোকছেদুল মোমিন মিথুন
রিফাদের ভাইয়ের হাতে বই তুলে দেন মোকছেদুল মোমিন মিথুন | ছবি: সংগৃহীত
0

গুমের শিকার ঢাকার দারুসসালাম থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম রাশেদের ছেলে রামীমুল ইসলাম রিফাদের জন্য এসএসসি পরীক্ষার প্রয়োজনীয় পাঠ্যপুস্তক পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন রিফাদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই তার ভাই রিমনের হাতে তুলে দেন। পরে ‘আমরা বিএনপি পরিবার’-এর ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।

গুম পরিবারের সন্তান রিফাদের এসএসসি পরীক্ষার জন্য কিছু বই, টেস্ট পেপার প্রয়োজন—এ বিষয়টি রিফাদের বড় ভাই রিমন জানালে বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

আরও পড়ুন:

উল্লেখ্য, ২০১৩ সালের ৪ এপ্রিল গুমের শিকার হন রাশেদ। এরপর থেকেই বাবার অপেক্ষায় অনিশ্চয়তার মধ্যেই বেড়ে উঠছে তার ছোট ছেলে রামীমুল ইসলাম রিফাদ।

এদিকে স্বামীর গুমের বিচারের জন্য ছোটাছুটিতে মোহাম্মদপুরে রিফাদের মা রুমা বেগম ২০২১ সালের নভেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। মায়ের মৃত্যুর পর সাভারের হেমায়েতপুরে পরিবারের বসতভিটাটুকুও চাচার দখলে চলে যায়। ফলে বাবা-মা দু’জনকেই হারিয়ে রিফাদ বর্তমানে চাঁদপুরে খালার কাছে থেকে বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছে। এবার সে এসএসসি পরীক্ষার্থী।

এসএইচ