ট্যাংকার হামলায় মধ্যপ্রাচ্যে শঙ্কা, ১০৭ ডলার ছাড়ালো ব্রেন্ট ক্রুডের দাম

সূর্যাস্তের আলোয় এয়ারানকোল তেলক্ষেত্রের পাম্পজ্যাক
সূর্যাস্তের আলোয় এয়ারানকোল তেলক্ষেত্রের পাম্পজ্যাক | ছবি: রয়টার্স
0

মধ্যপ্রাচ্যের সংবেদনশীল জলপথগুলোতে তেলের ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজে সামরিক হামলা বৃদ্ধি পাওয়ার ঘটনায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বেড়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম এক দিনেই ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০৭ ডলার পার হয়েছে।

গত বৃহস্পতিবার জিএমটি বেলা সাড়ে ছটায় ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৬৩ ডলারে পৌঁছায়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি লড়াই জোরদার হওয়া এবং একের পর এক ট্যাংকার বিকল করে দেয়ার ঘটনায় বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।

কৌশলগত হরমুজ প্রণালি আগে থেকেই অচল হয়ে পড়ার পর এবার লোহিত সাগরের প্রবেশদ্বার বাব-এল-মান্দেব প্রণালিসংলগ্ন ঐতিহাসিক মোখা বন্দর হুথি বিদ্রোহীদের দখলে চলে যাওয়ায় সরবরাহের বিকল্প পথ বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গত বুধবার মার্কিন যুদ্ধজাহাজে হামলার জবাবে ইরানের পাঁচটি তেলের ট্যাংকারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পর থেকে কুয়েত ও বাহরাইন বন্দরের কাছে নোঙর করা তেলের ট্যাংকারগুলোর নিরাপত্তাও মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

বিশ্লেষকেরা বলছেন, বৈশ্বিক অপরিশোধিত জ্বালানি তেল ও পরিশোধিত পণ্যের বড় একটি অংশ যে স্থান দিয়ে পরিবাহিত হয়, সেই হরমুজ ও লোহিত সাগরে সংঘাত অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে মূল্যস্ফীতি ও জ্বালানি সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে।

এএম