লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

মানচিত্রে বাব আল-মান্দেব
মানচিত্রে বাব আল-মান্দেব | ছবি: সংগৃহীত
0

ইয়েমেনের লোহিত সাগরসংলগ্ন পুরো উপকূলভাগের নিয়ন্ত্রণ নিয়েছে ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ইয়েমেন সরকারের বাহিনীকে পিছু হটতে বাধ্য করে আজ শুক্রবার ভোরে উপকূলীয় সর্বশেষ শহরগুলো এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব-এল-মান্দেব প্রণালির দ্বীপগুলো দখল করে তারা। আল জাজিরার প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

ইয়েমেনের লোহিত সাগরসংলগ্ন পুরো উপকূলভাগের নিয়ন্ত্রণ নিয়েছে ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ইয়েমেন সরকারের বাহিনীকে পিছু হটতে বাধ্য করে আজ শুক্রবার ভোরে উপকূলীয় সর্বশেষ শহরগুলো এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব-এল-মান্দেব প্রণালির দ্বীপগুলো দখল করে তারা। আল জাজিরার প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা ও রয়টার্স জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার মোখা বন্দর দখলের পর হুথিরা দ্রুত অগ্রসর হয়ে বাব-এল-মান্দেব প্রণালির কেন্দ্রস্থলে অবস্থিত মায়ন দ্বীপ এবং প্রণালি ঘেঁষে অবস্থিত ধুবাব শহরের নিয়ন্ত্রণ নেয়। সানাভিত্তিক ইয়েমেন প্রেস এজেন্সি জানিয়েছে, প্রণালির ওপর নজর রাখার কৌশলগত আল-ওমারি সেনা ঘাঁটিও এখন হুথিদের অধীনে। এর মাধ্যমে লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যুক্ত করা পুরো নৌপথটির ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করল হুথি বিদ্রোহীরা।

কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ থাকার পর মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত জ্বালানি তেল ইউরোপসহ আন্তর্জাতিক বাজারে পরিবহনের প্রধান বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হচ্ছিল এই বাব-এল-মান্দেব প্রণালি। এই নৌপথ অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা আরও ঘনীভূত হয়েছে। আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইইএ) পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাব দীর্ঘায়িত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ আরও কমতে পারে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম বেড়ে গ্যালনপ্রতি ৬ ডলার ছাড়িয়েছে এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করছে।

এদিকে হুথিরা মোখা শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর সেখানকার বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে ইয়েমেনে সামরিক হামলা ও অবরোধ বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা বৃদ্ধি প্রতিরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি টেলিফোনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে আলোচনা করেছেন। একই সঙ্গে বন্ধ থাকা হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে আলোচনার জন্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ওমান একটি বৈঠকের উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।

এএম