ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২৫

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) রাত ৭টা থেকে উপজেলার নতুন হাবলিপাড়া ও স্বল্পনোয়াগাঁও এলাকার লোকজনদের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে থেমে থেমে এ সংঘর্ষ চলছে।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে স্বল্পনোয়াগাঁও স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে যায় পার্শ্ববর্তী নতুন হাবলিপাড়া এলাকার কিশোর লামিন। এসময় স্বল্পনোয়াগাঁও গ্রামের আরেক কিশোর শুভর সঙ্গে তার কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে লামিনকে মারধর করে শুভ।

আরও পড়ুন:

এ ঘটনায় রাতে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। দু’পক্ষ টর্চলাইটের আলো জ্বালিয়ে একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত পৌনে ১০টা) সংঘর্ষ চলছিল।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। তবে সংঘর্ষ এখনও থামেনি।’

এসএস