জাহাজ বণ্টনে নির্দেশনা না মানায় ৪ শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স স্থগিত

চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর | ছবি: এখন টিভি
0

জাহাজ বণ্টন-সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন না করার অভিযোগে চট্টগ্রাম বন্দরের তালিকাভুক্ত চার শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্সের তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের পরিচালকের স্বাক্ষরিত পৃথক চিঠিতে চার প্রতিষ্ঠানকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স ও কাজের অনুমতি পাওয়া শিপ হ্যান্ডলিং অপারেটরদের মধ্যে জাহাজ বণ্টনের ক্ষেত্রে দেয়া নির্দেশনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে প্রতিপালন করেনি। এ ধরনের কার্যক্রম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ শিপ হ্যান্ডলিং অপারেটর নীতিমালা-২০১৫-এর অনুচ্ছেদ ‘গ’-এর ৭.৪ ধারার ব্যত্যয়।

এ কারণে গত ২৭ জুলাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর শিপ হ্যান্ডলিং অপারেটর লাইসেন্সের তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

লাইসেন্স স্থগিত হওয়া চার প্রতিষ্ঠান হলো—মেসার্স সি কোস্ট শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড, মেসার্স ইউনিয়ন ট্রেডার্স, মেসার্স প্যাসিফিক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং মেসার্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল শিপিং করপোরেশন।

আরও পড়ুন:

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কাজ করে তালিকাভুক্ত ২৭টি শিপ হ্যান্ডলিং অপারেটর। মাদার ভেসেলে এসব অপারেটরের মধ্যে জাহাজ বণ্টনের কাজ করে বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের চার সদস্যের একটি কমিটি।

জাহাজ বণ্টনের নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালনকারী চার অপারেটরের লাইসেন্স সাময়িক স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মেসার্স ডিভি হাজী আবদুল আজিজ অ্যান্ড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের অভিযোগের পরিপ্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

তবে প্রতিষ্ঠানটিকে বিনা টেন্ডারে বেআইনিভাবে তালিকাভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছে শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটর অ্যাসোসিয়েশন। এ বিষয়ে তাদের বক্তব্য, অভিযোগের পরিপ্রেক্ষিতে নেয়া সিদ্ধান্তের পেছনে প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখা প্রয়োজন।

চট্টগ্রাম বন্দরের জাহাজ হ্যান্ডলিং কার্যক্রমে শৃঙ্খলা ও নির্ধারিত নীতিমালা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এসএস