এলেন, দেখলেন, আর বিদায় নিলেন। টেস্টে পাকিস্তানের কোচদের নিয়তি যেন এমনই।
ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে ভালো করতে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা আর ধৈর্য্য। তবে পাকিস্তান ক্রিকেটে দেখা যায় উল্টো চিত্র। বিশেষ করে পিসিবির টেস্ট কোচের দায়িত্ব যেন মিউজিক্যাল চেয়ারের মতো। চলতি শতাব্দীতে ২৬ বছরে পাকিস্তানের টেস্ট দলের হেড কোচ পদে পরিবর্তন এসেছে ২৫ বার। এর মাঝে শেষ ৩ বছরে বদলেছে ১০জন কোচ।
আরও পড়ুন
পাকিস্তান ক্রিকেটের এমন অস্থিরতার কারণ জানিয়েছেন অজি কোচ জেসন গিলেস্পি। ২০২৪ সালের এপ্রিলে পাক টেস্ট দলের দায়িত্ব নেয়ার মাত্র আট মাসের মাথায় পদত্যাগ করেন অস্ট্রেলিয়ার সাবেক এ পেসার। গিলেস্পির অভিযোগ, নির্বাচক কমিটির প্রধান আকিব জাভেদের হস্তক্ষেপে বদলে যায় তার পুরো পরিকল্পনা। কোচ হিসেবে সিদ্ধান্ত নেয়ার সুযোগও নাকি ধীরে ধীরে হারান তিনি।
ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে গিলেস্পি বলেন, পাকিস্তান ক্রিকেটের এই অস্থিরতার মূলে রয়েছে নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের সংকট। কোচকে পর্যাপ্ত সময় ও স্বাধীনতা না দিলে কোনো দলই ধারাবাহিকভাবে এগোতে পারে না বলে মনে করেন সাবেক অজি পেসার।
গিলেস্পির বিদায়ের পরও স্থির হয়নি পাকিস্তানের টেস্ট ক্রিকেটের কোচিং কাঠামো। সর্বশেষ ইংল্যান্ড সফরেও টানা দুই টেস্ট হারের পর সাত ক্রিকেটার ও কয়েকজন কোচকে সরিয়ে দেয়া হয়েছে। আর এমন পরিস্থিতিতেই আবার টেস্ট দলের দায়িত্বে এসেছে নতুন মুখ। টেস্টে চলতি বছর এখন পর্যন্ত তিনজন পাকিস্তানের হেড কোচের পদ সামলেছেন।
একের পর এক কোচ পরিবর্তনেও ফলাফলে পরিবর্তন আনতে পারছে না পাকিস্তানীরা। বরং খেই হারিয়ে উল্টো পথে হাঁটছে ক্রিকেটবিশ্বের এককালের পরাশক্তি দলটি।




