রামুতে আন্তর্জাতিকমানের টেকনিক্যাল সেন্টার নির্মাণে জমি পেলো বাফুফে

জমি হস্তান্তর অনুষ্ঠান
জমি হস্তান্তর অনুষ্ঠান | ছবি: এখন টিভি
0

ফিফার অর্থায়নে রামুতে নির্মিত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আন্তর্জাতিকমানের টেকনিক্যাল সেন্টার। এ লক্ষ্যে বাফুফেকে সরকারের বরাদ্দ দেয়া ১৫ একর জমির রেজিস্ট্রেশন ও হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার শহরের তারকা হোটেল লং বিচে আয়োজিত অনুষ্ঠানে এ জমি হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

বাফুফের পক্ষে জমি রেজিস্ট্রেশনসংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন সভাপতি তাবিথ আউয়াল। সরকারের পক্ষে স্বাক্ষর করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। পরে তিনি প্রয়োজনীয় দলিলপত্র বাফুফে সভাপতির হাতে তুলে দেন।

এসময় কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ বাফুফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

অনুষ্ঠানে বাফুফে সভাপতি বলেন, ‘রামুতে আন্তর্জাতিকমানের ফুটবল টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলাররা এখানে আধুনিক ও পরিকল্পিত প্রশিক্ষণের সুযোগ পাবেন। পাশাপাশি কক্সবাজারে পর্যটনের সঙ্গে স্পোর্টস ট্যুরিজমও এগিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে।’

এসবময় তাবিথ আউয়াল প্রধানমন্ত্রীর নির্দেশনায় রামুতে টেকনিক্যাল সেন্টারের জন্য জমি বরাদ্দ দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানান তিনি।

তিনি বলেন, ‘ফিফার অর্থায়নে নির্মিতব্য এই কেন্দ্রটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি দেশের তরুণ ফুটবলার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এটি বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।’

সংশ্লিষ্টরা মনে করছেন, পর্যটননগরী কক্সবাজারের পাশের রামুতে টেকনিক্যাল সেন্টারটি চালু হলে ফুটবল অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি প্রতিভা অন্বেষণ, প্রশিক্ষণ ও স্পোর্টস ট্যুরিজমে নতুন সম্ভাবনা তৈরি হবে।

এসএইচ